
Abhishek Sharma: আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে (ICC Men's T20I Batting Rankings) ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। তাঁর রেটিং ৮৭৭। বাকিদের চেয়ে অনেক এগিয়ে এই তরুণ ব্যাটার। চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না তিনি। কিন্তু তা সত্ত্বেও তিনি টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষেই আছেন। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের (England) ফিল সল্টের (Phil Salt) রেটিং ৮১৫। অভিষেকের ওপেনিং পার্টনার ঈশান কিষান (Ishan Kishan) সম্প্রতি অসাধারণ পারফরম্যান্স দেখানোর মাধ্যমে টি-২০ র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচজন ব্যাটারের মধ্যে জায়গা করে নিয়েছেন। তাঁর রেটিং ৭৪২। তিন ধাপ উন্নতি করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ষষ্ঠ স্থানে। তাঁর রেটিং ৭৪০। ভারতের অপর এক ব্যাটার তিলক ভার্মা (Tilak Varma) তিন ধাপ নেমে সাত নম্বরে। তাঁর রেটিং ৭৩০।
চলতি টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের (Pakistan) ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। তিনি দুই ধাপ উন্নতি করে আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। সুপার এইট পর্যায়ে প্রথম দুই ম্যাচেই জয় পায়নি পাকিস্তান। ফলে তাদের পক্ষে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা কার্যত অসম্ভব। দলকে সাফল্য এনে দিতে না পারলেও, ব্যক্তিগত সাফল্য পাচ্ছেন সাহিবজাদা।
আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন জিম্বাবোয়ের (Zimbabwe) অধিনায়ক সিকন্দর রাজা (Sikandar Raza)। তিনি একধাপ উন্নতি করেছেন। তাঁর রেটিং ২৯৪। ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তৃতীয় স্থানে। তাঁর রেটিং ২৭২। ভারতের অপর এক অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube) দুই ধাপ উন্নতি করে সাত নম্বরে উঠে এসেছেন। চলতি টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন হার্দিক ও শিবম। তাঁদের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্সের আশায় দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।