
Rohit Yadav Banned: বয়স ভাঁড়ানোর অভিযোগে বাংলার লেগ-স্পিনার রোহিত যাদবকে দু'বছরের জন্য নির্বাসিত করল বিসিসিআই (BCCI)। কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে নির্বাচিত হয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা রোহিত বর্তমানে বাংলার হয়ে খেলেন। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা (Sri Lanka) সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন তিনি। ওই সফরে ছয়টি উইকেট নেওয়ার পাশাপাশি একটি টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই লেগ-স্পিনার। কিন্তু এবার তিনি ফেঁসে গেলেন। বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, ‘রোহিত যাদবকে দু'বছরের জন্য নির্বাসিত করা হয়েছে।’
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কা সফরের সময় রোহিতের নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে বয়স সংক্রান্ত অসঙ্গতি সামনে আসে। তাঁর কাছে তিনটি জন্ম শংসাপত্র পাওয়া গিয়েছে। যেখানে জন্মসাল হিসেবে ২০০৭, ২০০৯ এবং ২০১০ সালের কথা উল্লেখ করা হয়েছে। এই গরমিলের কারণে বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। রোহিতের আধার সংক্রান্ত নথিতেও জন্মসাল নিয়ে অসঙ্গতি পাওয়া গিয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে (Cricket Association of Bengal) রেজিস্ট্রেশনের সময় তাঁর জন্মসাল ২০০৭ হিসেবে নথিভুক্ত হয়েছিল। পরে আধার সংক্রান্ত নথিতে ২০১৭ এবং ২০২০ সালের আপডেটে জন্মসাল ২০০৬ দেখানো হয়। এরপর ২০২১ সালে তা পরিবর্তন করে ২০০৯ করা হয়। বয়স সংক্রান্ত এই অসঙ্গতির কারণে সিএবি আগেই রোহিতকে জুনিয়র দল থেকে বাদ দিয়েছিল এবং বিষয়টি বিসিসিআই-কে জানিয়েছিল। এবার বিসিসিআই রোহিতকে দু'বছরের জন্য ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে বিসিসিআই-এর অধীনস্থ সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকেও বিষয়টি জানানো হয়েছে।
রোহিতের পাশাপাশি আরও ৬১ জন ক্রিকেটারকে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ মরসুমে কোনও টুর্নামেন্টে রেজিস্ট্রেশন বা দলবদলের জন্য অযোগ্য ঘোষণা করেছে সিএবি। নথিপত্র এবং বয়স সংক্রান্ত অসঙ্গতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমারও (Ravi Kumar)। বাঁ হাতি পেসার রবি ২০২২ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সিএবি-র নথিতে তাঁর বয়স নিয়েও ৪৫ মাসের অসঙ্গতি চিহ্নিত করা হয়েছে। তালিকায় আছেন বাঁ হাতি স্পিনিং অলরাউন্ডার বিশাল ভাট্টিও (Vishal Bhatti)। তিনি এখনও পর্যন্ত তিনটি প্রথম শ্রেণির ম্যাচ এবং দুটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।