
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad: ২২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং ওপেন করতে গিয়ে ১০ বল খেলে আট রান। স্বাভাবিকভাবেই এই ইনিংসের জন্য সমালোচনার মুখে পড়েছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। এই অভিজ্ঞ ব্যাটার বৃহস্পতিবার আইপিএল-এ (IPL 2026) ২০০-তম ম্যাচ খেলতে নেমেছিলেন। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচ রাহানের পক্ষে ভালো যায়নি। কেকেআর অধিনায়ক টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। হায়দরাবাদ আট উইকেট হারিয়ে ২২৬ রান করে। জবাবে ১৬ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় কেকেআর। অধিনায়কের পাশাপাশি দলের পারফরম্যান্সও ভালো হয়নি। চলতি আইপিএল-এ প্রথম দুই ম্যাচেই হেরে গেল কেকেআর। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হারের পর অনেক প্রশ্ন উঠে গিয়েছে।
সাংবাদিক বৈঠকে তাঁর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাবে রাহানে বলেছেন, ‘আমার স্ট্রাইক রেট অন্যতম সেরা। যারা আমার সম্পর্কে কথা বলছে, তারা হয় খেলা দেখছে না অথবা আমার বিরুদ্ধে নির্দিষ্ট উদ্দেশ্যে এসব বলছে। আমি যে খেলছি, এতে ওরা খুশি নয়। আমি যে সাফল্য পেয়েছি, তাতে ওরা ঈর্ষা করছে। আমি সেসব নিয়ে ভাবছি না।’
এবারের আইপিএল-এ কেকেআর-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ওপেন করতে নেমে ৪০ বল খেলে ৬৭ রান করেন রাহানে। তাঁর সেই ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। স্ট্রাইক রেট ছিল ১৬৭.৫০। সে কথা উল্লেখ করেই সমালোচকদের পাল্টা আক্রমণ করেছেন কেকেআর অধিনায়ক। কিন্তু তাঁর দল চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত জয় পায়নি। এখন ১০ দলের লিগে নয় নম্বরে কেকেআর। লিগ টেবলে অবস্থানের উন্নতি না হলে সমালোচনা চলবেই। রাহানে সমালোচকদের আক্রমণ করলেও, তাঁকে সাফল্য পেতে হবে। দলকেও সাফল্য এনে দিতে হবে। না হলে সমালোচনা চলবেই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।