
ICC T20 World Cup 2026: আরও একবার চলতি টি-২০ বিশ্বকাপে অঘটন হতে হতে বাঁচল। England vs Scotland ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিরুদ্ধে খাদের কিনারা থেকে ফিরে জিতল ইংল্যান্ড। জিততে হলে ১৫৩ রান করতে হবে, এমন শর্তে ব্যাট করতে নেমে ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে গিয়েছিলেন হ্যারি ব্রুকরা। তখন অনেকে ভেবেছিলেন গতকাল জিম্বাবোয়ের কাছে অস্ট্রেলিয়া যেভাবে হেরেছিল, তেমন কিছু ইডেনে ইংল্যান্ডকে করতে চলেছে স্কটল্যান্ড। তবে শেষ পর্যন্ত চার নম্বরে নেমে টম ব্যান্টনের (Tom Banton) ৪১ বলে ৬৩ রানের দুরন্ত অপরাজিত ইনিংসে মুখরক্ষা করল ইংল্যান্ড। ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে চলতি টি-২০ বিশ্বকাপে জয়ের রাস্তায় ফিরলেন ব্রুকরা। অন্যদিকে, প্রতিবেশী দেশকে হাতের মুঠোয় পেয়েও হেরে বিদায়ের পথে অ্যান্ডি মারের দেশ।
ব্যান্টনের ইনিংস সাজানো ছিল ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে। কুরান দুটি দেখার মত ছক্কা হাঁকান।। ইডেনে এদিন ব্যান্টনকে যোগ্য সঙ্গত দিলেন স্যাম কুরান (২০ বলে ২৮) ও উইল জ্যাকস (১০ বলে ১৬ অপরাজিত)। ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে দাপিয়ে বেরানো ইংল্যান্ডের তারকা ব্যাটাররা এদিন ইডেনে ব্যর্থ হন- ফিল সল্ট (২), জোস বাটলার (৩), হ্য়ারি ব্রুক (৪)। ভাল খেলেন জ্যাকব বেথেল (৩২)। এর আগে বল হাতে নজর কাড়েন ইংল্যান্ডের পেসার জোফ্রে আর্চার (২/২৪) ও দু ইস্পিনার আদিল রশিদ (৩/৩৬) ও লিয়াম ডসন (২/৩৪)।
ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর জয়ের রাস্তা ফিরল ইংল্য়ান্ড (৩ ম্যাচে ৪ পয়েন্ট)। সোমবার ইডেনে ইতালিকে হারালেই সুপার এইটে উঠে যাবেন ব্রুকরা। গ্রুপ সি-তে ২ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্য়ান্ড (৩ ম্য়াচে ৪ পয়েন্ট)। স্কটল্যান্ড (৩ ম্যাচে ২ পয়েন্ট) ও ইতালি (২ ম্যাচে ২ পয়েন্ট) নেট রানরেটের বিচারে তিন ও চারে আছে। গ্রুপে সবার শেষে থাকা নেপাল দুটি খেলে দুটিতেই হেরেছে। আগামিকাল, রবিবার সকালে মুম্বইয়ে দিনের প্রথম ম্য়াচে নেপালের বিরুদ্ধে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়াংখেড়েতে জিতলেই সুপার এইট নিশ্চিত হয়ে যাবে সাই হোপের দলের।