
India vs Afghanistan Series: আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলার জন্য ফিট ঘোষিত হলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। রবিবার ধর্মশালায় (Dharamsala) ভারত-আফগানিস্তান ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। তার আগে রোহিত ও হার্দিককে ফিট ঘোষণা করল বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সের (BCCI's Centre of Excellence) স্পোর্টস সায়েন্স টিম। মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) এই দুই তারকা এবারের আইপিএল-এ (IPL 2026) সব ম্যাচে খেলতে পারেননি। তাঁদের ফিটনেস সংক্রান্ত সমস্যা ছিল। ২ জুন বিসিসিআই সেন্টার অফ এক্সসেলেন্সে পৌঁছন হার্দিক। রোহিতও সেখানে যান। এই দুই ক্রিকেটারেরই চোট পরীক্ষা করে তাঁদের ফিট ঘোষণা করা হয়েছে। হার্দিকের পিঠে চোট ছিল এবং রোহিতের হ্যামস্ট্রিংয়ে চোট ছিল। তবে এখন আর তাঁদের কোনও সমস্যা নেই। ফলে রবিবার এই দুই তারকা খেলতে পারবেন।
বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘হার্দিক বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন। তারপর তিনি ২ জুন সেন্টার অফ এক্সসেলেন্সে যোগ দেন। সেখানে তিনি পাঁচ দিন কাটিয়েছেন। তিনি ম্যাচ পরিস্থিতিতে অনুশীলন করেছেন। পুরো ১০ ওভার বোলিংও করেছেন। তাঁর কোনওরকম অস্বস্তি হয়নি। তাঁর ফিটনেস সংক্রান্ত কোনও সমস্যা নেই। সব ঠিক আছে। সেন্টার অফ এক্সসেলেন্সের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হার্দিককে ফিট ঘোষণা করেছেন। রোহিতকেও খেলার জন্য সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে।’
হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলতে পারছেন না বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর পরিবর্তে দলে এসেছেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। তবে বিরাট খেলতে না পারলেও, হার্দিক ও রোহিতের খেলতে সমস্যা নেই। হার্দিক চণ্ডীগড়ে (Chandigarh) দলের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন না সরাসরি ধর্মশালায় চলে যাবেন, তা এখনও স্পষ্ট নয়। এই তারকা অলরাউন্ডার ফিট হয়ে ওঠায় ভারতীয় শিবির খুশি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।