
Delhi Pollution: অতীতের ভুল থেকে শিক্ষা নিল বিসিসিআই। অতীতে দীপাবলির (Diwali) পর দিল্লিতে আন্তর্জাতিক ম্যাচ দেওয়া হয়েছিল। কিন্তু দূষণের কারণে সেই ম্যাচে বিঘ্ন ঘটেছিল। এবার সেই ভুল শুধরে নিয়ে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) সিরিজের প্রথম ওডিআই ম্যাচ দিল্লি থেকে সরিয়ে বিশাখাপত্তনমে (Visakhapatnam) দেওয়া হল। ১৩ ডিসেম্বর দিল্লিতে ভারত-শ্রীলঙ্কার প্রথম ওডিআই হওয়ার কথা ছিল। কিন্তু অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) সংস্কারের কাজ চলায় এবং ডিসেম্বরে দিল্লির পরিবেশের কথা মাথায় রেখেই ম্যাচ সরিয়ে নেওয়া হল। ডিসেম্বরে দিল্লিতে প্রবল কুয়াশা থাকে। তাছাড়া দূষণের আশঙ্কাও থাকে। শুধু দিল্লিই নয়, সারা উত্তর ভারতেই শীতকালে কুযাশার কারণে ক্রিকেট খেলায় বিঘ্ন ঘটে। বিশাখাপত্তনমে এই ধরনের কোনও সমস্যা নেই। এই কারণেই শাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে (ACA-VDCA Cricket Stadium) ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওডিআই ম্যাচ দেওয়া হল। বিসিসিআই জানিয়েছে, ম্যাচের তারিখ বদলাচ্ছে না। নির্ধারিত দিনেই ম্যাচ হবে। শুধু ম্যাচের কেন্দ্র বদলে গেল।
দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (Delhi and District Cricket Association) আগেই বিসিসিআই-কে জানিয়েছিল, ভারত-শ্রীলঙ্কা ওডিআই ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। স্টেডিয়ামে সংস্কারের কাজ চলায় এবং ডিসেম্বরে আবহাওয়াজনিত কারণে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিডিসিএ-র এক সূত্র সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে ম্যাচ আয়োজনের মতো অবস্থা নেই। এরপর আলোচনার ভিত্তিতে ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই।
আগামী মাসে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। ১৩ ডিসেম্বর বিশাখাপত্তনমে প্রথম ওডিআই দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে বেঙ্গালুরুতে (Bengaluru) এবং তৃতীয় ম্যাচ হবে আমেদাবাদে (Ahmedabad)। ওডিআই সিরিজের পর শুরু হবে টি-২০ সিরিজ। তিন ম্যাচ হবে রাজকোট (Rajkot), কটক (Cuttack) ও পুণেতে (Pune)। এখন নিউজিল্যান্ড সফরে (India tour of New Zealand 2026) ওডিআই সিরিজ খেলছে ভারতীয় দল। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে। তারপর দেশে ফিরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারতীয় দল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।