ICC Cricket World Cup 2027: আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা (South Africa), জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়ায় (Namibia) হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। অন্য বহুদেশীয় ক্রিকেট টুর্নামেন্টগুলির মতোই ওডিআই বিশ্বকাপেও প্রধান আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan)।
India vs Pakistan Match Tickets: আগামী বছরের ওডিআই বিশ্বকাপে (ICC Cricket World Cup 2027) ভারত-পাকিস্তান মহারণ ঘিরে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে। স্টেডিয়ামে বসে ভারত-পাক ম্যাচ দেখার জন্য টিকিটের আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লক্ষ! অথচ যে স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হবে, সেখানে গ্যালারিতে একসঙ্গে মাত্র ৩৪ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। অর্থাৎ স্টেডিয়ামের আসনসংখ্যার তুলনায় টিকিটের চাহিদা প্রায় ২৪৭ গুণ বেশি। আগামী বছরের ১০ অক্টোবর জোহানেসবার্গের (Johannesburg) ওয়ান্ডারার্স স্টেডিয়ামে (Wanderers Stadium) মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। আইসিসি-র (ICC) প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ম্যাচের জন্য এখনও পর্যন্ত ৮৩ লক্ষ ৯৭ হাজার ২৯৪টি টিকিটের আবেদন জমা পড়েছে। ওডিআই বিশ্বকাপের টিকিট ব্যালটে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চাহিদা এই ম্যাচ ঘিরেই।
ওডিআই বিশ্বকাপ ফাইনালের টিকিটের চাহিদাও তুঙ্গে
শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, ওডিআই বিশ্বকাপের ফাইনাল নিয়েও প্রবল আগ্রহ রয়েছে ক্রিকেটপ্রেমীদের। আগামী বছরের ২১ নভেম্বর ওয়ান্ডারার্স স্টেডিয়ামেই হবে ফাইনাল। সেই ম্যাচের টিকিটের জন্যও জমা পড়েছে ৭৯ লক্ষেরও বেশি আবেদন। নির্দিষ্ট করে বললে, টিকিটের আবেদনসংখ্যা ৭৯ লক্ষ ৯৪৪। অর্থাৎ চাহিদার নিরিখে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ফাইনাল। ওডিআই বিশ্বকাপের টিকিটের চাহিদা কার্যত নজিরবিহীন। আইসিসি জানিয়েছে, এখনও পর্যন্ত ১৯৩টি দেশের ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে ১২ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। মোট ২৮ লক্ষ স্বতন্ত্র দর্শক এই প্রতিযোগিতায় মাঠে বসে খেলা দেখার আগ্রহ প্রকাশ করেছেন।
আড়াই দশক পর আফ্রিকায় ওডিআই বিশ্বকাপ
২৪ বছর পর ফের আফ্রিকার মাটিতে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে (Zimbabwe) ও নামিবিয়া (Namibia) যৌথভাবে আয়োজন করবে এই প্রতিযোগিতা। মোট ১২টি ভেন্যুতে ৫৭টি ম্যাচে অংশ নেবে ১৪টি দল। আয়োজক দেশগুলির মধ্যে দক্ষিণ আফ্রিকাতেই টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আটটি ভেন্যুতে ৪১টি ম্যাচের জন্য জমা পড়েছে ১০ কোটি ৫০ লক্ষেরও বেশি আবেদন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলির জন্যই আবেদন জমা পড়েছে প্রায় ২ কোটি ৬০ লক্ষ। চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত ওডিআই বিশ্বকাপের টিকিটের জন্য আবেদন জানানো যাবে। আইসিসি-র সরকারি টিকিটিং ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহ প্রকাশ করতে পারবেন দর্শকরা। যে ম্যাচগুলিতে টিকিটের চাহিদা আসনসংখ্যার তুলনায় বেশি হবে, সেখানে লটারির মাধ্যমে ভাগ্যবান দর্শকদের বেছে নেওয়া হবে। সবমিলিয়ে বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় এক বছর বাকি থাকলেও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহের পারদ যে কতটা চড়েছে, টিকিটের এই বিপুল চাহিদাই তার প্রমাণ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






