
কথায় বলে, প্রতিভা থাকলেই হয় না, ভাগ্যও লাগে। এই কথাটা কয়েকজন ক্রিকেটারের ক্ষেত্রে দারুণভাবে লেগে যায়। দুর্দান্ত প্লেয়ার, একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু ১৮টি মরশুমের আইপিএলে এত এত ম্যাচ খেলেও ট্রফি জেতা হয়নি। এমনই ৬ জন তারকা ক্রিকেটারের কথা জেনে নেওয়া যাক।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স এক দশকের বেশি সময় ধরে আইপিএল খেলেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র অন্যতম সেরা ব্যাটার ছিলেন তিনি। কিন্তু দলকে একবারও চ্যাম্পিয়ন করতে পারেননি। ৩৬০ ডিগ্রি শটে বহুবার আরসিবি-কে খাদের কিনারা থেকে বাঁচিয়েছেন। দিল্লি ডেয়ারডেভিলস ও আরসিবি-র হয়ে মোট ১৮৪টি ম্যাচ খেলেও ট্রফি না জিতেই অবসর নেন। তবে আইপিএল ২০২৫-এর ফাইনালে আরসিবি-র জয় দেখতে মাঠে হাজির ছিলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করা সঞ্জু স্যামসনও এখনও আইপিএল ট্রফি ছুঁয়ে দেখেননি। কেরালার এই উইকেটকিপার-ব্যাটার এখনও পর্যন্ত ১৭৭টি আইপিএল ম্যাচ খেলেছেন। দিল্লি ডেয়ারডেভিলস এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি। গত ২০২২ সালে, সঞ্জুর নেতৃত্বে রাজস্থান রয়্যালস (RR) ফাইনালে ওঠে। কিন্তু শেষরক্ষা হয়নি। শোনা যাচ্ছে, ১৯তম মরশুমে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারেন। দেখা যাক, সিএসকে-র জার্সিতে তাঁর ট্রফির খরা কাটে কিনা।
ভারতের প্রাক্তন লেগ স্পিনার অমিত মিশ্র আইপিএলে মোট ১৬২টি ম্যাচ খেলে ১৭৪টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের অন্যতম সফল স্পিনার হওয়া সত্ত্বেও তিনি আইপিএল ট্রফি জিততে পারেননি। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত, দীর্ঘ ক্যারিয়ারে তিনি দিল্লি ক্যাপিটালস, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। কিন্তু একবারও কাপ না জিতেই আইপিএলকে বিদায় জানান এই ক্রিকেটার।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে পা রাখেন অক্ষর প্যাটেল। এরপর পাঞ্জাব কিংস ঘুরে এখন তিনি দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ সদস্য। এখনও পর্যন্ত, ১৬২টি ম্যাচ খেলেছেন তিনি। অলরাউন্ড পারফরম্যান্সে বহুবার দলকে একা জিতিয়েছেন। কিন্তু একবারও আইপিএল ট্রফি জেতা হয়নি তাঁর। শোনা যাচ্ছে, এই মরশুমে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হতে পারেন অক্ষর। দেখা যাক, অধিনায়ক হিসেবে তিনি এবার ট্রফি জিততে পারেন কিনা।
কর্নাটকের তারকা ক্রিকেটার কেএল রাহুল সানরাইজার্স হায়দরাবাদ, আরসিবি, পাঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। কিন্তু আইপিএল ট্রফি তাঁর কাছে অধরাই থেকে গিয়েছে। রাহুল ১৪৫টি আইপিএল ম্যাচ খেলেও এখনও পর্যন্ত কাপ জিততে পারেননি।
'ইউনিভার্সাল বস' ক্রিস গেইল বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর হয়ে আইপিএলে পা রাখেন। এরপর আরসিবি-র জার্সিতে বিধ্বংসী খেলোয়াড় হয়ে ওঠেন। শেষে পাঞ্জাব কিংসের হয়েও খেলেছেন। মোট ১৪২টি আইপিএল ম্যাচ খেললেও গেইলের কপালে একবারও ট্রফি জোটেনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।