
IPL 2026: চোট পাওয়ার কারণে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে পারছেন না সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) পেসার ব্রাইডন কার্স (Brydon Carse)। এই পেসার গত মরসুমের আইপিএল-এ (IPL 2025) চোটের জন্য কোনও ম্যাচেই খেলতে পারেননি। চোটের জন্যই এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে পারেননি এই পেসার। এরপর কেকেআর-এর বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না। অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন কার্স। এই চোটের জন্যই তিনি আপাতত মাঠের বাইরে। এই পেসার কবে মাঠে ফিরতে পারবেন, সেটা স্পষ্ট নয়। কার্স খেলতে না পারায় সানরাইজার্স হায়দরাবাদ দলে বিদেশি ফাস্ট বোলার বলতে আছেন ইংল্যান্ডের (England) ডেভিড পেইন (David Payne) এবং শ্রীলঙ্কার (Sri Lanka) এশান মালিঙ্গা (Eshan Malinga)। শনিবার বেঙ্গালুরুর (Bengaluru) এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) আইপিএল অভিষেক হয় পেইনের। তিনি আরসিবি-র বিরুদ্ধে তিন ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে জোড়া উইকেট নেন। মালিঙ্গা অবশ্য একেবারেই ভালো বোলিং করতে পারেননি। এই পেসার দুই ওভার বোলিং করে ৩৫ রান দেন। তিনি উইকেট পাননি।
এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদে অপর এক বিদেশি পেসার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার (Australia) তারকা অলরাউন্ডার প্যাট কামিন্স (Pat Cummins)। তবে তিনিও চোট পেয়েছেন। এবারের আইপিএল-এর প্রথমার্ধে খেলতে পারবেন না কামিন্স। তবে তিনি ভারতে এসে গিয়েছেন। দলের সবার সঙ্গে আছেন এই অলরাউন্ডার। তিনি দ্রুত ফিট হয়ে ওঠার চেষ্টা করছেন। খেলার মতো অবস্থায় পৌঁছে গেলেই মাঠে নেমে পড়বেন এই তারকা।
আরসিবি-র বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০১ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে না পারায় ১৫.৪ ওভারেই এই টার্গেট টপকে যায় আরসিবি। বোলিংয়ের সমস্যা মেটাতে না পারলে কেকেআর-এর বিরুদ্ধেও সমস্যায় পড়বে হায়দরাবাদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।