
IPL 2026: মুম্বই ইন্ডিয়ানসকে সহজেই সাত উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলের শীর্ষে পৌঁছে গেল পাঞ্জাব কিংস (Mumbai Indians vs Punjab Kings)। বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। প্রথমে ব্যাটিং করতে নেমে মুম্বই ছয় উইকেট হারিয়ে ১৯৫ রান করে। বড় টার্গেট তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯৮ রান করে জয় তুলে নেয় পাঞ্জাব। চোটের জন্য এই ম্যাচে খেলতে পারেননি মুম্বইয়ের তারকা ব্যাটার রোহিত শর্মা (Rohit Sharma)। তবে তাতে মুম্বইয়ের ব্যাটিং বিভাগের কোনও সমস্যা হয়নি। কিন্তু বোলারদের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক হওয়ায় ঘরের মাঠে হেরে গেল মুম্বই।
মুম্বইয়ের হয়ে অপরাজিত শতরান করেন ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock)। এই উইকেটকিপার-ব্যাটার ৬০ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি। নমন ধীর (Naman Dhir) ৩১ বলে ৫০ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। পাঞ্জাবের হয়ে ২২ রান দিয়ে তিন উইকেট নেন আর্শদীপ সিং (Arshdeep Singh)।
পাঞ্জাবের ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ৩৯ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। তিনি ১১টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। শ্রেয়াস ৩৫ বলে ৬৬ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি মারেন।
মুম্বইয়ের বোলারদের মধ্যে দীপক চাহার (Deepak Chahar) ২.৩ ওভার বোলিং করে ৪৫ রান দেন। জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) চার ওভারে ৪১ রান দেন। এ এম গজনফর (AM Ghazanfar) ৩১ রান দিয়ে জোড়া উইকেট নেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তিন ওভারে ৩৯ রান দেন। শার্দুল ঠাকুর (Shardul Thakur) তিন ওভারে ৪২ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।