Punjab Kings vs Sunrisers Hyderabad: শনিবার আইপিএল-এ (IPL 2026) পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল। অভিষেক শর্মা (Abhishek Sharma), শ্রেয়াস আইয়ারদের (Shreyas Iyer) অসাধারণ ব্যাটিং দেখা গেল। এই ম্যাচেই আবার মার্কো জ্যানসেনের (Marco Jansen) অনবদ্য ক্যাচ দেখা গেল।
KNOW
IPL 2026: দুই দল মিলিয়ে ৪৪২ রান। টি-২০ ফর্ম্যাটে দর্শকরা ঠিক যেমন ম্যাচ দেখতে চান, শনিবার পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (Punjab Kings vs Sunrisers Hyderabad) ম্যাচে ঠিক সেটাই দেখা গেল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২১৯ রান করে হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে চার উইকেট হারিয়ে ২২৩ রান করে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। এই জয়ের ফলে চার ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে এল পাঞ্জাব। এখনও পর্যন্ত অপরাজিত শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) দল। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বৃষ্টির জন্য কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে পাঞ্জাবের ম্যাচ ভেস্তে যায়। বাকি তিন ম্যাচেই জয় পেয়েছেন শ্রেয়াসরা।
শ্রেয়াসের দাপটে ম্লান অভিষেক
এদিন হায়দরাবাদের হয়ে অসাধারণ ব্যাটিং করেন দুই ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ও ট্রেভিস হেড (Travis Head)। ২৮ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তিনি পাঁচটি বাউন্ডারি ও আটটি ওভার-বাউন্ডারি মারেন। হেড ২৩ বলে ৩৮ রান করেন। ওপেনিং জুটিতে ১২০ রান যোগ হয়। অধিনায়ক ঈশান কিষান (Ishan Kishan) ১৭ বলে ২৭ রান করেন। হেইনরিক ক্লাসেন (Heinrich Klaasen) ৩৩ বলে ৩৯ রান করেন। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করে পাঞ্জাব। দুই ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ও প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ৯৯ রান যোগ করেন। প্রিয়াংশ ২০ বলে ৫৭ রান করেন। তিনি পাঁচটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। প্রভসিমরন ২৫ বলে ৫১ রান করেন। তিনি চারটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। অধিনায়ক শ্রেয়াস ৩৩ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তিনি পাঁচটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। তিনি দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
তৃতীয় হার হায়দরাবাদের
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত চার ম্যাচ খেলে তিন ম্যাচেই হেরে গেল হায়দরাবাদ। অভিষেকদের ব্যাটিং ভালো হলেও, বোলিং ভালো হচ্ছে না। এই কারণেই সাফল্য আসছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


