
IPL 2026: মুম্বই ইন্ডিয়ানসকে (Mumbai Indians vs Rajasthan Royals) ৩০ রানে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করল রাজস্থান রয়্যালস। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ৩০ রানে জয় পেল রিয়ান পরাগের (Riyan Parag) দল। ১৪ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে চতুর্থ স্থানে উঠে এল রাজস্থান। এর ফলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চলতি আইপিএল-এ নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হয়েছে কেকেআর। এই ম্যাচ নিয়মরক্ষার হয়ে গিয়েছে। রাজস্থান প্লে-অফের যোগ্যতা অর্জন করায় ক্রিকেটপ্রেমীরা ফের বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) ব্যাটিং দেখার সুযোগ পাবেন। রবিবার ভালো ব্যাটিং করতে পারেননি এই কিশোর। প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবেন বৈভব।
এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ২০৫ রান করে রাজস্থান। বৈভব চার রান করে আউট হয়ে গেলেও, অপর ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ১৭ বলে ২৭ রান করেন। ধ্রুব জুরেল (Dhruv Jurel) ২৬ বলে ৩৮ রান করেন। অধিনায়ক পরাগ আট বলে ১৪ রান করেন। দাসুন শনাকা (Dasun Shanaka) ১৫ বলে ২৯ রান করেন। জোফ্রা আর্চার (Jofra Archer) ১৫ বলে ৩২ রান করেন। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। বড় টার্গেট তাড়া করতে নেমে নয় উইকেট হারিয়ে ১৭৫ রান করেই থেমে যায় মুম্বই। দুর্দান্ত লড়াই করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এই তারকা ব্যাটার ৪২ বলে ৬০ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। উইল জ্যাকস (Will Jacks) ১৮ বলে ৩৩ রান করেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ১৫ বলে ৩৪ রান করেন। ব্যাটিংয়ের পর বোলিংয়েও সাফল্য পান আর্চার। এই পেসার চার ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট নেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে রাজস্থানের জয়ের পথ মসৃণ হয়ে গেল।
রবিবার রাজস্থানের কাছে হেরে যাওয়ায় ১৪ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে নয় নম্বরে থাকল মুম্বই। ১০ নম্বরে থাকা লখনউ সুপার জায়ান্টসও (Lucknow Super Giants) ১৪ ম্যাচ খেলে আট পয়েন্ট পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে মুম্বই।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।