Kolkata Knight Riders vs Mumbai Indians: আইপিএল-এর (IPL 2026) প্রথম মরসুম থেকেই কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ানসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। কেকেআর-এর বিরুদ্ধে বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে মুম্বই। বুধবার ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) এই দুই দলের ম্যাচে দুর্দান্ত লড়াই দেখা গেল।
KNOW
IPL 2026: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়ে চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders vs Mumbai Indians)। বুধবার রাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়াই করে জয় পেল কেকেআর। ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) চলতি আইপিএল-এ দু'দলের প্রথম সাক্ষাতে ছয় উইকেটে জয় পায় মুম্বই। ইডেনে সেই হারের মধুর প্রতিশোধ নিল কেকেআর। এই ম্যাচে জয় পাওয়ার ফলে ১৩ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ছয় নম্বরে উঠে এল কেকেআর। অন্যদিকে, প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া মুম্বই ১৩ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবলে নবম স্থানে আছে। কেকেআর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কি না এখনও স্পষ্ট নয়। তবে তারা অঙ্কের বিচারে এখনও লড়াইয়ে আছে।

কেকেআর-এর নায়ক গ্রিন-পাণ্ডে
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। প্রথমে ব্যাটিং করতে নেমে আট উইকেট হারিয়ে ১৪৭ রান করে মুম্বই। বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। ৪১ রানে চার উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল মুম্বই। তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ২৬ এবং করবিন বশের (Corbin Bosch) ১৮ বলে অপরাজিত ৩২ রানের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছতে পারে মুম্বই। কেকেআর-এর হয়ে ২৩ রান দিয়ে জোড়া উইকেট নেন ক্যামেরন গ্রিন (Cameron Green)। সৌরভ দুবে (Saurabh Dubey), কার্তিক ত্যাগীও (Kartik Tyagi) জোড়া উইকেট করে নেন। এরপর রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় কেকেআর। ৩৩ বলে ৪৫ রান করেন মণীশ পাণ্ডে (Manish Pandey)। রভম্যান পাওয়েল (Rovman Powell) ৩০ বলে ৪০ রান করেন। রাহানে ১৭ বলে ২১ রান করেন।
প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে কেকেআর?
রবিবার লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হচ্ছে কেকেআর। সেই ম্যাচ জিতলেও, প্লে-অফের যোগ্যতা অর্জন করার জন্য অন্য ম্যাচগুলির ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


