Punjab Kings vs Rajasthan Royals: মঙ্গলবার চলতি আইপিএল-এ (IPL 2026) ফের এক চমকপ্রদ ম্যাচ দেখা গেল। পাঞ্জাব কিংসের ঘরের মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেল রাজস্থান রয়্যালস। দুই দলের ব্যাটাররাই অসাধারণ পারফরম্যান্স দেখালেন। তবে পাঞ্জাবকে টেক্কা দিল রাজস্থান।
KNOW
IPL 2026: চলতি আইপিএল-এ একাধিক ম্যাচে ২০০-এর বেশি রানের টার্গেট তাড়া করে জয় দেখা গিয়েছে। মঙ্গলবার তেমনই এক জমজমাট ম্যাচ দেখা গেল। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (Punjab Kings vs Rajasthan Royals) ২২৩ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই ছয় উইকেটে জয় পেল রাজস্থান রয়্যালস। এই জয়ের ফলে নয় ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এ লিগ টেবলে তৃতীয় স্থানে উঠে এল রাজস্থান। অন্যদিকে, ঘরের মাঠে হেরে গেলেও, আট ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানেই থাকল পাঞ্জাব। চলতি আইপিএল যত এগিয়ে চলেছে, ততই প্লে-অফের লড়াই জমে উঠছে। প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে পাঞ্জাব ও রাজস্থানের সঙ্গে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। মঙ্গলবারই চলতি আইপিএল-এ প্রথমবার কোনও ম্যাচে হেরে গেল পাঞ্জাব কিংস। ফলে চলতি আইপিএল-এ কোনও দলই আর অপরাজিত থাকল না।
২ দলেরই অসাধারণ ইনিংস
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। প্রথমে ব্যাটিং করতে নেমে চার উইকেট হারিয়ে ২২২ রান করে পাঞ্জাব। ফের দারুণ ব্যাটিং করেন ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh)। তিনি ৪৪ বলে ৫৯ রান করেন। অপর ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ১১ বলে ২৯ রান করেন। কুপার কনোলি (Cooper Connolly) ১৪ বলে ৩০ রান করেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) ২৭ বলে ৩০ রান করেন। মার্কাস স্টোইনিস (Marcus Stoinis) বিস্ফোরক ব্যাটিং করেন। তিনি ২২ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তিনি চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার-বাউন্ডারি মারেন। রাজস্থানের ইনিংসের শুরুতে ঝোড়ো ব্যাটিং করেন কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তিনি ১৬ বলে ৪৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ২৭ বলে ৫১ রান করেন। তিনি সাতটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। ধ্রুব জুরেল (Dhruv Jurel) ২০ বলে ১৬ রান করেন। পরাগ ১৬ বলে ২৯ রান করেন। ডনোভান ফেরেইরা (Donovan Ferreira) ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ২৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। তিনি ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি মারেন। শুভম দুবেও (Shubham Dubey) দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ১২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি।
চাহালের ৩ উইকেট
রাজস্থানের হয়ে ৪১ রান দিয়ে জোড়া উইকেট নেন যশ রাজ পুঞ্জা (Yash Raj Punja)। পাঞ্জাবের হয়ে ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


