
IPL 2026: আইপিএল থেকে এখনই অবসর নিচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তাঁকে ছাড়ছে না চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আরও অন্তত এক মরসুম সিএসকে-র হয়ে খেলবেন এই কিংবদন্তি। এই ঘোষণা করেছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan)। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, 'ও খেলবে, ও খেলবে।' সিএসকে সিইও এর আগেও বলেছেন, তাঁরা ধোনিকে ছাড়তে চান না। ফের সে কথাই বললেন তিনি। ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছে সিএসকে। এই ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বে বদল হয়েছে। কিন্তু এখনও দলের প্রধান ভরসা ধোনি। তিনি কেমন ফর্মে আছেন, ফিটনেস কেমন, সেসব দেখা হয় না। তাঁর দলে থাকাই আসল। বারবার সে কথা বলেছে এই ফ্র্যাঞ্চাইজি। এবারও ধোনির উপর ভরসা রাখা হচ্ছে।
পরপর দুই মরসুমে আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি সিএসকে। রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) নেতৃত্বে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না দল। গত মরসুমে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চার ম্যাচে জয় এসেছিল। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে সবার শেষে ছিল সিএসকে। আইপিএল-এর ইতিহাসে গতবারই এই ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে খারাপ ফল হয়েছিল। পাঁচবারের চ্যাম্পিয়নদের পক্ষে এই পারফরম্যান্স বেমানান। এবার এই ফ্র্যাঞ্চাইজি ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে। এক্ষেত্রে ধোনির উপর ভরসা রাখা হচ্ছে।
আইপিএল-এ দীর্ঘদিন ধরে ধোনির অন্যতম ভরসা ছিলেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কিন্তু এবার তিনি সিএসকে-র হয়ে খেলবেন না। ট্রেডের মাধ্যমে জাডেজাকে রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) পাঠিয়ে দিয়েছে সিএসকে। অপর এক অলরাউন্ডার স্যাম কারানও (Sam Curran) রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন। পরিবর্তে রাজস্থান রয়্যালস থেকে সিএসকে-তে এসেছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই কারণেই জল্পনা শুরু হয়েছে, ধোনির অবসরের বিষয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তবে সেই জল্পনা খারিজ করে দিয়েছেন সিইও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।