MS Dhoni: ২০১৯ সালে শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে শুধু আইপিএল-এ (IPL 2026) খেলছেন এই কিংবদন্তি। তিনি ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার পর কী করবেন, তা ভেবে রেখেছেন।
KNOW
MS Dhoni Post-retirement Plans: পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কি আরও অনেক প্রাক্তন ক্রিকেটারের মতোই ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন মহেন্দ্র সিং ধোনি? এই কিংবদন্তি নিজেই সেই উত্তর দিয়ে দিলেন। তিনি কেন মোবাইল ফোন ব্যবহার পছন্দ করেন না, তাও জানিয়ে দিয়েছেন। জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক যতীন সাপ্রুর (Jatin Sapru) সঙ্গে এক কথোপকথনে ধোনি বলেছেন, ‘ধারাভাষ্য দেওয়া অত্যন্ত কঠিন। আমার মনে হয়, খেলা বর্ণনা করা এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এমন জায়গায় পৌঁছে যাওয়া যেখানে যারা খেলছে তাদের সমালোচনা শুরু করে দেবেন আপনি, এই দুইয়ের মধ্যে ব্যবধান অত্যন্ত সূক্ষ। খেলা বর্ণনা করা এবং সমালোচনা করা প্রায় একইরকম। প্রায়ই আপনি বুঝতেও পারেন না যে আপনি যা করছেন তা হয়তো ভুল। আপনি সবসময় খেলা বর্ণনা করার সময় উল্টোদিকে থাকতে চাইবেন। আপনার যদি মনে হয় কোনও কিছু ভুল, তাহলে তা জোর গলায় বলবেন।’
ধারাভাষ্যকে শিল্প হিসেবে বর্ণনা ধোনির
ধারাভাষ্য প্রসঙ্গে ধোনি আরও বলেছেন, ‘কীভাবে আপনি খেলা বর্ণনা করবেন, তা এক শিল্প। কাউকে নিশানা না করে বিনীতভাবে কীভাবে ব্যাখ্যা দেবেন, তা সহজ নয়। যখন দল হারছে, তখন নিশ্চয়ই এর পিছনে কোনও কারণ আছে। যাতে কারও খারাপ না লাগে এমনভাবে সেই কারণগুলি ব্যাখ্যা করার দক্ষতা থাকতে হবে। এসবই ধারাভাষ্যের শিল্প।’
কেন মোবাইল ফোন পছন্দ করেন না ধোনি?
মোবাইল ফোন ব্যবহারে অনীহা প্রসঙ্গে ধোনি বলেছেন, ‘আমি ফোনের মাধ্যমে কারও সঙ্গে ভালোভাবে যোগাযোগ করতে পারি না। আমি কারও সঙ্গে মুখোমুখি বসে কথা বলতে পছন্দ করি। ফোনে কথা বলার সময় আমি যখন কারও মুখ দেখতে পাচ্ছি না, তখন তার সঙ্গে কথা বলতে অদ্ভূত লাগে। আমার এ বিষয়ে দক্ষতা তৈরি হওয়া উচিত ছিল। কিন্তু সেই দক্ষতা তৈরি না হওয়ায় আমি খুশি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


