
IPL 2026: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অনুশীলনে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এই কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটারের অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল, চলতি মাসের শেষ দিক পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে ধোনিকে। কিন্তু এখন তিনি অনুশীলন শুরু করে দেওয়ায় জল্পনা চলছে, দ্রুত মাঠে ফিরতে পারেন এই কিংবদন্তি। যদিও সিএসকে-র পক্ষ থেকে এ বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, ধোনি কাফ মাসলে চোট পেয়েছেন। তিনি এখন রিহ্যাবে আছেন। তবে ধোনি যদি চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরতে পারেন, তাহলে সিএসকে শিবির খুশিই হবে। কারণ, এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ব্যর্থ হয়েছে সিএসকে। ধোনি মাঠে ফিরলে তাঁর বিখ্যাত মগজাস্ত্র কাজে লাগতে পারে।
এবারের আইপিএল নিলামের (IPL 2026 Auction) আগে ট্রেডের মাধ্যমে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) থেকে সিএসকে-তে যোগ দেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি পুরনো দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে নতুন দলের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমে সাত বল খেলে ছয় রান করে নান্দ্রে বার্গারের (Nandre Burger) বলে বোল্ড হয়ে যান। রাজস্থানের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৪ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় সিএসকে। ১২.১ ওভারেই সেই রান টপকে যায় রাজস্থান। এই হারের পর ধোনির মাঠে ফেরার অপেক্ষায় সিএসকে শিবির।
ধোনি এবারের আইপিএল-এর পরেই অবসর ঘোষণা করে দিতে পারেন বলে জল্পনা চলছে। সঞ্জুকে এই কিংবদন্তির পরিবর্ত হিসেবে দেখা হচ্ছে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, পরের ম্যাচগুলিতে সঞ্জু ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা করা হচ্ছে। তবে ধোনি মাঠে ফিরলে সবচেয়ে বেশি খুশি হবেন সিএসকে সমর্থকরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।