
MS Dhoni Reflexes: বেশ কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকলেও উইকেটকিপিংয়ের ক্ষিপ্রতা যে এখনও আগের মতোই আছে, তা ফের বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। এক প্রচারমূলক অনুষ্ঠানে স্মৃতি মন্ধানার (Smriti Mandhana) পাশে বসে থাকা অবস্থায় হাত থেকে পড়ে যাওয়া ক্রিকেট বল মুহূর্তের মধ্যে ধরে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তেই ধোনিকে নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। ধোনির প্রতিবর্ত ক্রিয়া বরাবরই ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। উইকেটের পিছনে দাঁড়িয়ে চোখের পলকে কঠিন ক্যাচ নেওয়া বা স্টাম্পিং করার জন্য পরিচিত তিনি। এবার ক্রিকেট মাঠের বাইরেও তাঁর সেই ক্ষিপ্রতার ঝলক দেখা গেল। এই অনুষ্ঠানে স্মৃতির পাশে এক চেয়ারে বসেছিলেন ধোনি। তাঁর হাতে ছিল একটি ক্রিকেট বল। বলটি নিয়ে লোফালুফি করছিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি। সেই সময় হঠাৎই তাঁর হাত থেকে ছিটকে যায় বল। কিন্তু বল মাটিতে পড়ার আগেই দ্রুত সামনের দিকে ঝুঁকে হাত বাড়িয়ে সেটি ধরে ফেলেন ধোনি।
ধোনির এই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রশংসার বন্যা। ভিডিওটির সঙ্গে লেখা হয়েছিল, ‘Still got his reflexes’ অর্থাৎ তাঁর প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা এখনও আগের মতোই রয়েছে। ধোনির এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখে অনেকেরই মনে পড়ে গিয়েছে উইকেটের পিছনে তাঁর দুরন্ত পারফরম্যান্সের কথা। এই ভিডিওর কমেন্ট বক্সেও মজার ছলে ধোনিকে নিয়ে নানা মন্তব্য করেছেন অনুরাগীরা। একজন লিখেছেন, ‘২০২৭ সালের আইপিএল-এ খেলার জন্য এটুকুই যথেষ্ট।’ অন্য এক অনুরাগীর মন্তব্য, ‘ধোনি ক্রিকেট ছেড়েছেন, কিন্তু উইকেটকিপিং ছাড়েননি।’ কেউ আবার লিখেছেন, ‘এক বিশেষ কারণেই থালা।’ আর এক ভক্তের কথায়, ‘আজ অনুরাগীদের মধ্যে ফের ইয়েলো ফিভার ছড়িয়ে দিলেন থালা।’
Still got his reflexes 😳 https://t.co/Ydyy3P8ouB
— Smrutisikha (@SmrutisikhaR) October 29, 2026
আইপিএল-এ ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনও অব্যাহত। আগামী মরসুমে তিনি খেলবেন কি না, তা এখনও নিশ্চিত করেননি এই কিংবদন্তি। সিএসকে সমর্থকদের আশা, আরও এক মরসুমে হলুদ জার্সিতে মাঠে দেখা যাবে তাঁদের প্রিয় ‘থালা’-কে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।