
Rahul Chahar-Ishani Johar Divorce: স্ত্রী ঈশানী জোহরের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করলেন ক্রিকেটার রাহুল চাহার। ২০২২ সালের ৯ মার্চ গোয়ায় (Goa) তাঁদের বিয়ে হয়। বিয়ের চার বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে বিচ্ছেদের কথা ঘোষণা করলেন চাহার। এই ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টে জানিয়েছেন, তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিবাহবিচ্ছেদের জন্য যে সব আইনি প্রক্রিয়া থাকে, তা সম্পূর্ণ হয়েছে। ফলে আইনগতভাবে তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। চাহার আরও জানিয়েছেন, গত ১৫ মাস ধরে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছিল। এই সময়কে কঠিন বলে আখ্যা দিয়েছেন তিনি। আদালতে শুনানিতে হাজিরা দিতে হচ্ছিল, ধৈর্য ধরা শিখতে হচ্ছিল, কঠিন সময়েও স্বাভাবিক থাকার চেষ্টা করে যেতে হচ্ছিল এবং ভিতর থেকে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করে যেতে হচ্ছিল। এ সবই করতে পেরেছেন বলে জানিয়েছেন চাহার।
সোশ্যাল মিডিয়া পোস্টে চাহার লিখেছেন, ‘সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি অল্পবয়সে বিয়ে করেছিলাম। নিজেকে সম্পূর্ণ বুঝে ওঠার আগেই বিয়ে করে ফেলেছিলাম। আমার কী ক্ষমতা বা যোগ্যতা আছে, আমি জীবনে ঠিক কী চাই, সেসব বোঝার আগেই বিয়ে করেছিলাম। তারপর কয়েক বছর ধরে যে শিক্ষা পেয়েছি, তা পাব বলে কখনও ভাবিনি। গত ১৫ মাস ধরে বারবার আদালত কক্ষে যেতে হয়েছে, ধৈর্য ধরা শিখতে হয়েছে, স্বাভাবিক থাকার চেষ্টা করে যেতে হয়েছে এবং সত্যের শক্তি খোঁজার চেষ্টা করে যেতে হয়েছে।’
সোশ্যাল মিডিয়া পোস্টে চাহার আরও লিখেছেন, ‘আমার জীবনে বিয়ের অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। এর জন্য অনেক খেসারত দিতে হয়েছে। তবে এর জন্য আমার কোনও রাগ বা আক্ষেপ নেই। তবে আমি স্বচ্ছতা চেয়েছিলাম। কিছু সম্পর্ক চিরকাল টেকে না। তবে তা আমাদের জাগিয়ে তোলে, শিক্ষা দেয় এবং বদলে দেয়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।