
Mumbai Indians vs Chennai Super Kings: চলতি আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের হয়ে দ্বিতীয় শতরান করলেন তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৫৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন এই তারকা। তিনি ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে শতরান করেন। তিনি ১০টি বাউন্ডারি ও ছয়টি বাউন্ডারি মারেন। সঞ্জু ছাড়া সিএসকে-র অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২০৭ রান করল সিএসকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামের নায়ক হয়ে উঠলেন সঞ্জু। কয়েক মাস আগেই তিনি এই স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করেন এই উইকেটকিপার-ব্যাটার। এবার আইপিএল-এও তিনি অসাধারণ ব্যাটিং করলেন।
বৃহস্পতিবার সিএসকে-র হয়ে সপ্তম ম্যাচ খেলতে নেমেছেন সঞ্জু। তিনি সাত ম্যাচের মধ্যে জোড়া শতরান করে এক নজির গড়লেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে যুগ্মভাবে সবচেয়ে বেশি শতরানের নজির গড়ে ফেললেন তিনি। সুরেশ রায়না (Suresh Raina), মুরলী বিজয় (Murali Vijay), শেন ওয়াটসন (Shane Watson) ও রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) সঙ্গে একই আসনে বসে পড়লেন। টি-২০ ফর্ম্যাটে অষ্টম শতরান করে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন সঞ্জু। ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-২০ ফর্ম্যাটে সর্বাধিক নয় শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli) ও অভিষেক শর্মা (Abhishek Sharma)। তাঁদের ঠিক পিছনেই আছেন সঞ্জু ও রোহিত।
চোটের জন্য চলতি আইপিএল-এ এখনও খেলতে পারেননি সিএসকে-র কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তবে তাঁর অভাব খুব বেশি অনুভব করছে না দল। কারণ, উইকেটকিপিং ও ব্যাটিংয়ে দলকে ভরসা দিচ্ছেন সঞ্জু। এই কারণে ধোনি মাঠের বাইরে থাকলেও সমস্যা হচ্ছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।