
Shah Rukh Khan News: মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) ক্রিকেট খেলার জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির। লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) এক নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এই ক্রিকেট স্টেডিয়ামের নাম নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড (Knight Riders Cricket Ground)। নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির কর্ণধার শাহরুখ খান এই স্টেডিয়াম উদ্বোধন করেছেন। এবারই প্রথম মেজর লিগ ক্রিকেটে (Major League Cricket) যোগ দিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল ওয়াশিংটন ফ্রিডম (Washington Freedom)। এই ম্যাচের আগে নতুন স্টেডিয়াম উদ্বোধন করা হল। এই স্টেডিয়ামে উন্নত পরিকাঠামোর ব্যবস্থা করা হয়েছে।
আইপিএল-এর (IPL) অনুকরণে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি বেসড টি-২০ লিগ চালু করা হয়েছে। কিন্তু নাইট রাইডার্সই প্রথম ফ্র্যাঞ্চাইজি, যারা বিদেশের মাটিতে নিজেদের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করল। এই স্টেডিয়াম তৈরির কাজে সাহায্য করার জন্য আইসিসি চেয়ারম্যান জয় শাহকে (Jay Shah) ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘যে স্বপ্ন শুরু হয়েছিল, তা আজ বাস্তবে পরিণত হল। শুধু খেলাই নয়, বিনোদন ও পরিবারের জন্য এক জায়গা গড়ে তোলা হল। এখানকার স্মৃতি চিরকাল থেকে যাবে। জয় ভাইকে বিশেষ ধন্যবাদ জানাই। উনি এই যাত্রায় সবসময় সাহায্য করেছেন। আইসিসি ও সংযোগ গুপ্তাও (Sanjog Gupta) সাহায্য করেছেন। লস অ্যাঞ্জেলেস, সারা বিশ্বের ক্রিকেট অনুরাগী এবং নাইট রাইডার্স পরিবারের জন্য এই স্টেডিয়াম। বেগুনি ও সোনালির উপর বিশ্বাস রাখুন।’
লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্সের এই ক্রিকেট স্টেডিয়ামে আটটি ন্যাচারাল টার্ফ উইকেট তৈরি করা হয়েছে। রাতে যাতে ম্যাচ আয়োজন করা যায়, তার জন্য ছয়টি ১২০ ফুট লম্বা ফ্লাডলাইট টাওয়ার তৈরি করা হয়েছে। ৩২,০০০ মেট্রিক টন মাটি সরিয়ে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।