
Vaibhav Sooryavanshi T20 Powerplay Record: চলতি আইপিএল-এর (IPL 2026) প্লে-অফে পরপর দুই ম্যাচে শতরানের খুব কাছাকাছি গিয়েও শতরান করতে পারলেন না রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রান করার পর শুক্রবার কোয়ালিফায়ার টুয়ে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে ৪৭ বলে ৯৬ রান করেন এই কিশোর। তিনি আটটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি মারেন। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নয় রানে জোড়া উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। সেই অবস্থায় রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন বৈভব। জাডেজা চোট পেয়ে অবসৃত হওয়ার পর মাঠে ফেরেন। তিনি শেষপর্যন্ত ৩৫ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন ডনোভান ফেরেইরা (Donovan Ferreira)। তিনি ১১ বল খেলে জোড়া বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ছয় উইকেট হারিয়ে ২১৪ রান করে রাজস্থান।
এদিন শতরান না পেলেও, নতুন রেকর্ড গড়লেন বৈভব। তিনি টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কোনও টুর্নামেন্টের পাওয়ার প্লে-তে ৫০০ রান করেছেন। শুক্রবার পাওয়ার প্লে শেষ হওয়ার সময় ২০ বল খেলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন বৈভব। এই কিশোর চলতি আইপিএল-এ পাওয়ার প্লে-তে এখনও পর্যন্ত ৫২১ রান করেছেন। পাওয়ার প্লে-তে এই কিশোরের স্ট্রাইক রেট ২৩৩.৬৩। ২০১৬ সালের আইপিএল-এ পাওয়ার প্লে-তে ৪৬৭ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৫০.১৬। এবার তাঁর চেয়ে ৫৪ রান বেশি করেছেন বৈভব।
চলতি আইপিএল-এ ষষ্ঠ অর্ধশতরান করলেন বৈভব। এদিন তিনি ৩১ বলে অর্ধশতরান পূরণ করেন। চলতি আইপিএল-এ এদিনই মন্থরতম অর্ধশতরান করলেন এই কিশোর। তিনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলকে সাহায্য করার জন্য ইনিংস গড়ার দিকে মন দেন। ১৫ বছর বয়সেই পরিণত হয়ে উঠেছেন বৈভব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।