
England vs India: ১৫ বছর তিন মাস সাত দিন। এই বয়সেই ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শনিবার ম্যাঞ্চেস্টারের (Manchester) ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে খেলার সুযোগ পেলেন বৈভব। তিনি ভারতের সিনিয়র ক্রিকেট দলের হয়ে সবচেয়ে কম বয়সে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন। সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিলেন। আয়ারল্যান্ড সফরে (India tour of Ireland, 2026) দুই ম্যাচের সিরিজে খেলার সুযোগ পাননি। ইংল্যান্ড সফরেও প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল বৈভবকে। এই তিন ম্যাচেই ভারতীয় দলের ওপেনিং জুটি ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। এই কারণেই বৈভবকে সুযোগ দেওয়ার দাবি উঠছিল। শনিবার সেই দাবি মেনে নিল টিম ম্যানেজমেন্ট।
এদিন অভিষেক শর্মার (Abhishek Sharma) সঙ্গে ব্যাটিং ওপেন করতে নামেন বৈভব। এই কিশোর ১০ বল খেলে ১৪ রান করেন। তিনি জোড়া ওভার-বাউন্ডারি মারেন। উইল জ্যাকসের (Will Jacks) বলে বৈভবকে স্টাম্প করে দেন জস বাটলার (Jos Buttler)। ওপেনিং জুটিতে যোগ হয় ৫০ রান। অভিষেক ২৪ বলে ৪৩ রান করেন। তিনি আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। এই ওপেনিং জুটি একসঙ্গে খেলার সুযোগ পেলে ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের ইঙ্গিত দিয়ে রাখল।
এদিন ম্যাচ শুরু হওয়ার আগে বৈভবের হাতে জাতীয় দলের টুপি তুলে দেন তিলক ভার্মা (Tilak Varma)। তাঁকে উৎসাহ দেন প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সতীর্থরা সবাই এই কিশোরকে অভিনন্দন জানান। বৈভবের প্রশংসা করে ভারতের টি-২০ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ‘তোমরা সবাই ওকে গত কয়েক মাস ধরে দেখেছো। ও কীভাবে ব্যাটিং করছে তোমরা দেখেছো। আমার মনে হয়, এই দলে ওর সুযোগ প্রাপ্য। ও এমন একজন খেলোয়াড়, যে চাপ অনুভব করে না। ও সবসময় অবিচলিত থাকে। আগামী ম্যাচে কী হতে চলেছে, সে বিষয়ে ও সচেতন। ও নেটে যেভাবে ব্যাটিং করছে এবং বোলারদের সামাল দিচ্ছে, তাতে দেখিয়ে দিচ্ছে ও কেমন খেলোয়াড়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।