
FIFA President Infantino: বিস্ফোরক এবং নয়া অভিযোগ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে (FIFA President Gianni Infantino)। প্রেমিকার পড়ার খরচ জুগিয়েছিলেন তিনি সংস্থার কোষাগার থেকে। এমনটাই অভিযোগ সামনে আসছে। তবে এইরকম অদ্ভুত বিতর্কে এই প্রথম জড়ালেন ইনফান্তিনো। জানা যাচ্ছে, ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার সাধারণ সচিব থাকার সময় নাকি তিনি প্রেমিকাকে বিরাট অঙ্কের টাকা পাইয়ে দিয়েছিলেন। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগ কার্যত, উড়িয়ে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট (Gianni Infantino FIFA)।
সূত্রের খবর, উয়েফার সাধারণ সচিব থাকাকালীন সেই সংস্থার এক কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইনফান্তিনো। এরপর কাজ ছাড়ার সময়, সেই প্রেমিকাকে ৬ অঙ্কের টাকাও পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। এমনকি, উয়েফা ছাড়ার পর, ঐ মহিলা এমবিএ করেন। তাঁর এমবিএ পড়ার খরচও নাকি দিয়েছিল খোদ উয়েফা। উয়েফার এক কর্তার কথায়, "ঐ মহিলাকে অর্থ হিসেবে বিপুল টাকা দেওয়া হয়েছিল। সংস্থা ছাড়ার পরেও তাঁর বিজনেস স্কুলে পড়ার খরচ দেওয়া হয়েছিল উয়েফার তরফে। সাধারণত, কোনও কর্মী সংস্থা ছাড়লে, তাঁকে কিছু টাকা দেওয়া হত। এটাই নিয়ম উয়েফার। তাই সেই নিয়মেই ঐ মহিলাও টাকা পেয়েছিলেন। এই অবধি সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু ৬ অঙ্কের টাকা দেওয়াটা অস্বাভাবিক। তারপর ২০১৬ সালে সেই নিয়মের পরিবর্তন করা হয়। এখন বিদায়ের সময় কর্মীদের নির্দিষ্ট নিয়ম মেনেই টাকা দেওয়া হয়।’’
আরও পড়ুনঃ FIFA President Gianni Infantino: ফিফা আয়োজিত কোনও টুর্নামেন্টে খেলবে না, হুঁশিয়ারি উয়েফার
তাহলে প্রশ্ন উঠছে যে, এই বিপুল পরিমাণ টাকা কার নির্দেশে দেওয়া হয়েছিল? তবে আর্থিক অনিয়মের এই অভিযোগ পত্রপাট খারিজ করে দিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘ইনফান্তিনোর বিরুদ্ধে এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এই ধরনের অনুপযুক্ত আচরণ কার্যত, মানহানিকর। ফিফা কিংবা উয়েফার কোনও কর্মী কখনও ইনফান্তিনোর বিরুদ্ধে এমন কোনও অভিযোগ তোলেননি। আসলে এমন কোনও ঘটনাই সেখানে ঘটেনি এবং এমন কোনও কিছুর সঙ্গেই ইনফান্তিনো কখনও জড়িত ছিলেন না। কর্মচারী সংক্রান্ত যে কোনও পদক্ষেপই করা হয় সংস্থার নির্দিষ্ট নিয়ম মেনে। বিদায়কালীন আর্থিক সুবিধাও দেওয়া হয় সেইভাবেই।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।