
FIFA World Cup 2026 Controversy: বিশ্বকাপ ফুটবল চলাকালীনও মেক্সিকোর (Mexico) আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকছে না। কয়েকদিন আগেই তিজুয়ানা (Tijuana) শহরের ক্যালিয়েন্তে স্টেডিয়ামে (Estadio Caliente) ইরান (Iran) দলের অনুশীলনের মাঠের কাছে এক সুপারমার্কেটের পার্কিং লটে রাখা গাড়ি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচা-গলা মৃতদেহ। এবার মেক্সিকোরই অপর এক শহর গুয়াদালাজারায় (Guadalajara) দক্ষিণ কোরিয়া (South Korea) দলের শিবিরের কাছে রহস্যজনক ড্রোন উড়তে দেখা গেল। এই ড্রোন কারা উড়িয়েছিল এবং এই জায়গায় কেন এল, তা স্পষ্ট নয়। মেক্সিকোর সেনাবাহিনীর সদস্যরা (Mexican Military Personnel) কোনও ঝুঁকি না নিয়ে গুলি করে এই ড্রোন নামান। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হতে চলেছে দক্ষিণ কোরিয়া। তার ঠিক আগে এই ঘটনায় দলের সবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মেক্সিকোর সেনাবাহিনীর পক্ষ থেকে এই রহস্যজনক ড্রোনের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা আধিকারিক জানিয়েছেন, তাঁদের এ বিষয়ে কোনও মন্তব্য করার অধিকার নেই। তিনি শুধু জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার শিবিরের কাছে এই ড্রোন দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা। এরপরেই সেই ড্রোন গুলি করে নামান বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীর সদস্যরা। দক্ষিণ কোরিয়া দলের বিষয়ে গোপন তথ্য সংগ্রহ করার জন্য মেক্সিকো দলের পক্ষ থেকে এই ড্রোন পাঠানো হয়েছিল না অন্য কেউ অন্য কোনও উদ্দেশ্যে ড্রোন পাঠিয়েছিল, তা স্পষ্ট নয়।
এই ড্রোনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং-বো (Hong Myung-bo) বলেছেন, ‘গতকাল আমাদের অনুশীলন চলাকালীন হঠাৎ আকাশে এক ড্রোন উড়ে আসে। সৌভাগ্যবশত আমরা ট্যাকটিক্স অনুশীলন শুরু করার আগেই এই ড্রোন আসে। ফলে আমাদের কোনও ক্ষতি হয়নি। তবে ম্যাচের আগে অনুশীলন চলাকালীন যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। এই সময় এই ঘটনা না ঘটলেই ভালো হত।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।