Iran-USA Tension: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) শুরু হওয়ার আগে থাকতেই পশ্চিম এশিয়ায় যুদ্ধ (West Asia War) পরিস্থিতি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব প্রকট হয়েছিল। বিশ্বকাপ শুরু হওয়ার পরেও সমস্যা মিটছে না। ইরান দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন সরকার ও ফিফা তাদের সঙ্গে সহযোগিতা করছে না।
Iran vs New Zealand: নিজেরা উস্কানি দিলেও, অত্যাচারের শিকার হচ্ছে বলে কাঁদুনি গাইছে ইরান। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালে লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপ ফুটবলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে গোল করে গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশ্যে গুলি চালানোর ভঙ্গি করেন ইরানের ফুটবলার মহম্মদ মহেবি (Mohammad Mohebi)। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়। সেই সমালোচনা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে এবার ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনোই (Amir Ghalenoei) দাবি করলেন, তাঁর দলই চলতি বিশ্বকাপে সবচেয়ে নির্যাতিত। ইরানের অধিনায়ক মেহদি তারেমি (Mehdi Taremi), গুলি চালানোর ভঙ্গি করা মহেবিও দাবি করেছেন, তাঁদের বারবার সমস্যায় পড়তে হচ্ছে। যাতায়াত সংক্রান্ত সমস্যার কারণে প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলেও দাবি করেছে ইরান শিবির।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের বিরুদ্ধে ক্ষোভ ইরান শিবিরের
ইরানের প্রধান কোচের দাবি, লস অ্যাঞ্জেলেসে (Los Angeles) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরেই তাঁদের দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়। মেক্সিকোর (Mexico) তিজুয়ানা (Tijuana) শহরে শিবির করেছে ইরান দল। সেখানেই তাঁদের চলে যেতে বলা হয়। এ বিষয়ে ক্ষোভপ্রকাশ করে ইরানের প্রধান কোচ বলেছেন, ‘আজ ম্যাচ শেষ হওয়ার পরেই আমাদের বলা হয়, আপনাদের এখনই চলে যেতে হবে। আমাদের দলের সবার ক্লান্তি দূর করার জন্য আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হল না। বিশ্বকাপে আমাদের দলই সবচেয়ে নির্যাতিত। আমাদের ফুটবল ফেডারেশনের কাউকে এখানে আসতে দেওয়া হয়নি। আমাদের দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আমাদের টিম ম্যানেজমেন্টেরও কেউ এখানে নেই।’
ফিফার ভূমিকায় অসন্তোষ ইরানের অধিনায়কের
ইরানের অধিনায়ক বলেছেন, ‘আজ ম্যাচের পর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো (Gianni Infantino) আমাদের ড্রেসিংরুমে এসেছিলেন। তিনি আমাদের সাহায্য করতে চান। কিন্তু অন্য অনেক বিষয়ও আছে। সবাই সেসব জানে। আমার আর কিছু বলতে হবে না। আমাদের আরও সাহায্য করা উচিত ফিফার।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


