
Brazil Football News: ম্যাচ শুরু হওয়ার আগেই লাল কার্ড! বিশ্ব ফুটবলে এই ঘটনা নজিরবিহীন। এক আজব কারণে লাল কার্ড দেখলেন ব্রাজিলের ফুটবলার মিকেল। ব্রাজিলের কোপা পাওলিস্তা (Copa Paulista) টুর্নামেন্টের ম্যাচ শুরু হওয়ার আগে রিজার্ভ বেঞ্চের পাশে প্রস্রাব করায় লাল কার্ড দেখেন এই ফুটবলার। সাও পাওলো স্টেট কাপে (Sao Paulo State Cup) সাও হোসে (Sao Jose) ও সাও কায়েতানোর (Sao Caetano) ম্যাচ শুরুর ঠিক আগে মিকেলকে রিজার্ভ বেঞ্চের কাছে প্রস্রাব করতে দেখে ব্যবস্থা নেন রেফারি গুস্তাভো হলান্দা সৌজা (Gustavo Holanda Souza)। সাও হোসের ফুটবলাররা বিস্মিত হয়ে রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও রেফারি নিজের সিদ্ধান্তে অটল থাকেন এবং বল মাঠে গড়ানোর আগেই মিকেলকে মাঠ থেকে বহিষ্কার করেন।
ম্যাচ রিপোর্টে রেফারি লিখেছেন, 'ম্যাচ শুরু হওয়ার আগে খেলার মাঠ ছেড়ে নিজের দলের রিজার্ভ বেঞ্চের পাশে প্রস্রাব করার কারণে মিকেলকে লাল কার্ড দেখানো হয়েছে।' তবে এই ফুটবলার লাল কার্ড দেখলেও, তাঁর দল ১১ জনকেই মাঠে রাখার সুযোগ পায়। ম্যাচ শুরু হওয়ার আগেই মিকেল লাল কার্ড দেখায় পরিবর্ত ফুটবলারকে মাঠে নামানোর সুযোগ পায় সাও হোসে। পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন চে চে। তিনি ভালো পারফরম্যান্স দেখান। চে চে-ই সাও হোসের হয়ে প্রথম গোল করেন এবং তাঁর দল ২-১ জয় পায়।
এই অদ্ভুত লাল কার্ডের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাও হোসে ক্লাবের পক্ষ থেকে মজার ছলে ক্ষমা চেয়ে বার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে স্বীকার করে নেওয়া হয়েছে যে রেফারির সিদ্ধান্ত ঠিক ছিল। এই ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, ‘ঘটনাটি নিয়ে মজা করা হলেও বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা ঘটেছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং এটিকে শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে নিচ্ছি। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। স্টেডিয়াম একটি জনসাধারণের স্থান, এটি কোনও প্রস্রাবখানা নয়। এই ঘটনা পিছনে ফেলে রেখে এগিয়ে যেতে হবে।’ পেশাদার ফুটবলে ম্যাচ শুরুর আগেই লাল কার্ড দেখানোর ঘটনা বিরল। ফলে মিকেলের এই বহিষ্কার সাম্প্রতিক ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম বিচিত্র ঘটনার তালিকায় জায়গা করে নিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।