
Jose Mourinho returns to Santiago Bernabeu: ১৩ বছর পর বিশ্বের সর্বকালের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদের (Real Madrid) ম্যানেজার হিসেবে ফিরলেন হোসে মরিনহো। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এই পর্তুগিজ ম্যানেজারকে স্যান্তিয়াগো বার্নাব্যুতে ফেরানোর কথা ঘোষণা করা হয়েছে। এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে কাজ করেছেন মরিনহো। তিনি সেই সময় দলকে যেমন সাফল্য এনে দিয়েছেন, তেমনই বিতর্কেও জড়িয়ে পড়েছেন। এবার তাঁর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। মরিনহো স্যান্তিয়াগো বার্নাব্যুতে ফেরায় সারা বিশ্বে ছড়িয়ে থাকা রিয়াল মাদ্রিদ সমর্থকরা খুশি। তাঁদের আশা, ‘দ্য স্পেশাল ওয়ান’ ফের প্রিয় দলকে সাফল্য এনে দেবেন।
গত দুই মরসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে (UEFA Champions League) সাফল্য পায়নি রিয়াল মাদ্রিদ। লা লিগাতেও (LaLiga) সাফল্য আসছে না। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে (FC Barcelona) টেক্কা দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণেই রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট মরিনহোকে দায়িত্বে ফেরাল। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের বোর্ড অফ ডিরেক্টরস বৃহস্পতিবার, ১১ জুন ফ্লোরেন্তিনো প্রেজের (Florentino Prez) সভাপতিত্বে এক বৈঠকে হোসে মরিনহোকে আগামী তিন মরসুমের জন্য প্রথম দলের কোচ হিসেবে নিয়োগ করার বিষয়ে সহমত পোষণ করেছে। তিনি ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্বে থাকবেন।’
👏👏👏 pic.twitter.com/TpkT8tbUWf
— Real Madrid C.F. (@realmadrid) June 11, 2026
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ১৩ জুলাই মাদ্রিদে পৌঁছবেন মরিনহো। সেই দিন থেকেই তিনি সরকারিভাবে নতুন দায়িত্ব পালন শুরু করবেন। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করার আগে বেনফিকার (Benfica) দায়িত্বে ছিলেন মরিনহো। তাঁকে সেই চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য ৭০ লক্ষ ইউরো দিতে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ।
👋 ¡Bienvenido, Mourinho! 👋 pic.twitter.com/iLce8neamx
— Real Madrid C.F. (@realmadrid) June 11, 2026
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।