
Indian Super League 2026: ১ মে যখন শ্রমিক দিবস পালন করা হচ্ছে, ঠিক তখনই দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে বিদ্রোহ ঘোষণা করলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) ফুটবলাররা। তাঁরা এবার দলের অনুশীলনে নামতে অস্বীকার করলেন। গত রবিবার আইএসএল-এ স্পোর্টিং ক্লাব দিল্লির (Sporting Club Delhi) বিরুদ্ধে ২-২ ড্র করে সাদা-কালো ব্রিগেড। এই ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন মহামেডান স্পোর্টিংয়ের কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। শুক্রবার নতুন করে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ফুটবলাররা অনুশীলনে নামতে চাইলেন না। গড়ের মাঠে খবর, গত পাঁচ-ছয় মাস ধরে সাদা-কালো ব্রিগেডের সদস্যরা বেতন পাননি। এই কারণেই তাঁরা অনুশীলন করতে চাইছেন না। ১০ মে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters FC) বিরুদ্ধে আইএসএল-এর পরবর্তী ম্যাচ মহামেডান স্পোর্টিংয়ের। সেই ম্যাচের আগে আর্থিক সমস্যা মেটাতে না পারলে শতাব্দী প্রাচীন ক্লাবের লজ্জা বাড়তে পারে।
চলতি আইএসএল-এ ১০ ম্যাচ খেলে কোনও ম্যাচেই জয় পায়নি মহামেডান স্পোর্টিং ক্লাব। সাত ম্যাচে হেরে গিয়েছে মেহেরাজুদ্দিনের দল। তিন ম্যাচে ড্র করেছে সাদা-কালো ব্রিগেড। মাত্র তিন পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষে মহামেডান স্পোর্টিং। বাকি ম্যাচগুলিতে জয় পেলেও অবনমন এড়ানো কঠিন। এরই মধ্যে ফুটবলাররা বিদ্রোহ ঘোষণা করায় সাদা-কালো শিবিরের সমস্যা বাড়ল।
স্পনসর বা ইনভেস্টর নিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাবের সমস্যা নতুন নয়। সমস্যা মেটানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বারস্থ হয়েছিলেন ক্লাবের কর্তারা। কিন্তু তারপরেও সমস্যা মেটেনি। সাদা-কালো কর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দ্বারস্থ হবেন বলেও শোনা যাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত কিছুই হয়নি। ফলে ফুটবলারদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে ফুটবলাররা যদি ম্যাচ খেলতেও অস্বীকার করেন, তাহলে হয়তো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) শাস্তির মুখে পড়তে হবে ক্লাবকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।