
Kolkata Durga Puja 2026 Stampede: শনিবার এবারের দুর্গাপুজোর প্রথম সপ্তমীর সন্ধেবেলা উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের (Chorbagan Sarbajonin) পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় সারা বাংলায় শোকের আবহ। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শোকপ্রকাশ করে দ্বিতীয় সপ্তমীর সন্ধেবেলা নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দিল হাওড়ার বাকসাড়া বিশালক্ষ্মীতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এই পুজো কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী জানিয়েছেন, 'গতকাল চোরবাগানে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো ও শোকপ্রকাশ করার অনুরোধ জানিয়েছেন। তাঁর সেই অনুরোধে সাড়া দিয়ে আমরা আজ মাইক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কোনও জরুরি ঘোষণা ছাড়া আজ সারাদিন আমরা লাউডস্পিকার বাজাব না। গান চালানো হবে না।'
বিশালক্ষ্মীতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্য জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'পঞ্চমীর দিন আমাদের পুজো উদ্বোধন হয়েছে। পঞ্চমীর সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ষষ্ঠীর সন্ধেয়, গতকাল প্রথম সপ্তমীর সন্ধেবেলাতেও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আজ সন্ধেবেলা শ্রুতিনাটকের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু চোরবাগানের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রীর কথা মেনে চলছি আমরা। আজ অনুষ্ঠান বাতিল হলেও, পুজোর বাকি দিনগুলিতে পূর্বনির্ধারিত অনুষ্ঠান হবে। আমাদের পুজো মণ্ডপে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক।'
জয়দীপ আরও জানিয়েছেন, 'পুজোর ঠিক আগে আমাদের পুজো কমিটির কোষাধ্যক্ষ কল্যাণ মহাপাত্রের বউদি আরতি মহাপাত্রর অকাল প্রয়াণ হয়েছে। এর কয়েকদিন পরেই আমাদের পুজো কমিটির প্রবীণ সদস্য হারাধন দেবনাথও প্রয়াত হয়েছেন। এই কারণে এবার শোকের আবহেই আমরা পুজো করছি। এরই মধ্যে চোরবাগানের ঘটনায় আমাদের সবারই মন খারাপ। তবে পুজো তো করতেই হবে।' এবার এই পুজো ২০ বছরে পা দিল। এবার জৌলুস কম থাকলেও, আগামী বছর জাঁকজমক করে পুজো করার আশায় পুজো কমিটির সদস্যরা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।