পুজোর বাজারে গড়িয়াহাটে বাড়ছে ভিড় ও যানবাহনের চাপ। এই পরিস্থিতিতে বেআইনি পার্কিং রুখতে বিশেষ অভিযান শুরু করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। তাই গড়িয়াহাটে গাড়ি নিয়ে গেলে নির্দিষ্ট পার্কিং জোন ব্যবহার করার পরামর্শ।
পুজোর কেনাকাটায় জমজমাট দক্ষিণ কলকাতার গড়িয়াহাট। শাড়ি, জামাকাপড়, জুতো থেকে শুরু করে পুজোর নানা সামগ্রী কিনতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ। ফলে বাড়ছে যানবাহনের চাপও। নিজের গাড়ি নিয়ে গড়িয়াহাটে যাওয়ার পরিকল্পনা থাকলে তাই আগে থেকেই সতর্ক হওয়া জরুরি।
28
বেআইনি পার্কিংয়ে বিশেষ অভিযান
পুজোর আগে গড়িয়াহাট ও সংলগ্ন এলাকায় বেআইনি পার্কিং রুখতে বিশেষ নজরদারি শুরু করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে যান চলাচলে বাধা তৈরি করা, বাড়ির গেট আটকে রাখা কিংবা পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা নেওয়ার মতো অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
38
প্রতিদিনই আসছে একাধিক অভিযোগ
লালবাজার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব ট্র্যাফিক গার্ড এলাকায় প্রতিদিন ডায়াল ১০০-তে গড়ে ১০ থেকে ১৫টি অভিযোগ আসছে। এর মধ্যে রয়েছে যানজট, বেআইনি পার্কিং, বাড়ির প্রবেশপথ আটকে গাড়ি রাখা এবং পার্কিংয়ের জন্য নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা চাওয়ার অভিযোগ। বিশেষ অভিযানে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০টি বেআইনি পার্কিংয়ের ঘটনা ধরা পড়ছে বলে পুলিশ সূত্রের খবর।
গড়িয়াহাটের আর বি অ্যাভিনিউয়ের ত্রিকোণ পার্ক থেকে বিজন সেতুর দিকের রাস্তায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এই এলাকায় পার্কিংয়ের জায়গা তুলনামূলক ভাবে সীমিত। পুলিশ সূত্রের খবর, উড়ালপুলের নীচে দু’দিকে মিলিয়ে প্রায় ৯০টি এবং মূল রাস্তায় প্রায় ১৮০টি পার্কিং স্পেস রয়েছে।
58
সামান্য সময় দাঁড়ালেও বিপদ?
পার্কিং স্পেস না থাকায় অনেক সময় একটি গাড়ি বেরোনোর অপেক্ষায় অন্য গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু এই ধরনের অপেক্ষাকেও বেআইনি পার্কিং হিসেবে দেখা হতে পারে। ফলে বাজারের সামনে বা রাস্তার ধারে ‘কিছুক্ষণের জন্য’ গাড়ি দাঁড় করিয়েও জরিমানার মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
68
কোথায় গাড়ি রাখবেন?
গড়িয়াহাট এলাকায় কলকাতা পুরসভার সরকারি পার্কিং তালিকায় একাধিক বৈধ পার্কিং জোনের উল্লেখ রয়েছে। এর মধ্যে গড়িয়াহাট পার্ট-I, গড়িয়াহাট-II, গড়িয়াহাট-III, গড়িয়াহাট রোড (দক্ষিণ)-এর রাতের পার্কিং এবং গড়িয়াহাট উড়ালপুলের নীচের পার্কিং ব্যবস্থা রয়েছে। তাই রাস্তার ধারে গাড়ি রাখার বদলে নির্দিষ্ট পার্কিং জোন ব্যবহার করাই নিরাপদ।
78
পার্কিংয়ের নামে বেশি টাকা চাইলে?
পুরসভার নিয়ম অনুযায়ী, অনুমোদিত পার্কিং এলাকায় নির্ধারিত হারেই টাকা নেওয়ার কথা। পার্কিং কর্মীর বৈধ পরিচয়পত্র থাকার কথাও রয়েছে। নির্ধারিত এলাকার বাইরে টাকা নেওয়া বা অনুমোদিত হারের চেয়ে বেশি টাকা দাবি করা নিয়ে অভিযোগ থাকলে তা জানানো যেতে পারে। কলকাতা পুরসভার পার্কিং বিভাগের ০৩৩-২২৮৬-১০০০ নম্বরে এক্সটেনশন ২৮২৯-এ যোগাযোগ করা যায়। এছাড়া ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে হোয়াটসঅ্যাপেও অভিযোগ জানানো যায়।
88
পুজোয় গড়িয়াহাট গেলে এই ভুল করবেন না
পুজোর বাজার যত জমবে, গড়িয়াহাটে যানবাহনের চাপও তত বাড়বে। তাই গাড়ি নিয়ে গেলে নির্দিষ্ট পার্কিং ব্যবহার করা, রাস্তার উপর অপেক্ষা না করা এবং পার্কিংয়ের নামে অতিরিক্ত টাকা চাওয়া হলে সতর্ক থাকা জরুরি। পুজোর ভিড়ে কেনাকাটা করতে গিয়ে যাতে অযথা জরিমানা বা পুলিশের ঝামেলায় পড়তে না হয়, সে জন্য আগে থেকেই পার্কিংয়ের জায়গা ঠিক করে যাওয়াই বুদ্ধিমানের কাজ।