SC On WB SIR: এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের কারণে নাম বাদ পড়েছে অনেকের। যারফলে তারা বঞ্চিত অন্নপূর্ণা ভাণ্ডার, রেশন থেকে। তাদের ভবিষ্যত কী? বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কী বলল আদালত? জানুন আরও বিশদে…
পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণ
এসআইআর-এর কারণে পশ্চিমবঙ্গের যে সমস্ত নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে, তারা অন্নপূর্ণার ভান্ডার, রেশন, ওবিসি সার্টিফিকেট সহ অন্যান্য সরকারি জনকল্যাণমূলক পরিষেবা পাচ্ছে না অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন হয়। মঙ্গলবার সেই মামলাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এ ব্যাপারে রাজ্যকে নোটিশ ইস্যু করে জবাব চাইল।
26
কী বলল আদালত?
আবেদনকারী প্রসেনজিৎ বসু আদালতের কাছে দাবি জানিয়েছেন, এসআইআর-এর জন্য ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গিয়েছে, তাদের সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে, সেগুলি প্রত্যাহার করতে হবে। বাদ পড়া ভোটারদের অন্নপূর্ণা যোজনা, গণবণ্টন ব্যবস্থা এবং ওবিসি শংসাপত্রের মতো সরকারি সুবিধা পাওয়া থেকে আটকানোর নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই আবেদনের ভিত্তিতেই পশ্চিমবঙ্গ সরকারের থেকে জবাব তলব করল সুপ্রিম কোর্ট।
36
সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত নাম বাদ পড়ায়
আবেদনকারীর অভিযোগ শুনে বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও অন্যান্য সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না, তা আগেই স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল আদালত। তার উত্তরে আবেদনকারীর আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এবং আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতকে জানান কমিশন নয় রাজ্য সরকারি বন্ধ করে দিয়েছে।
তার উত্তরে বিচারপতি বাগচী এই আবেদনের ভিত্তিতে আলাদা করে রিট পিটিশন দাখিল করার পরামর্শ দেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত বা সুবিধে না পাওয়া ব্যক্তিদের হাইকোর্টের দ্বারস্থ হতেও নির্দেশ দেন তিনি। তার উত্তরে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন জানান ইতিমধ্যেই কয়েকজন ক্ষতিগ্রস্থ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তিনি আদালতকে আরো যারা গত ৪ জুন রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এসআইআর-এর ফলাফলের ভিত্তিতে পিডিএস উপভোক্তাদের যাচাই এবং তালিকা থেকে বাদ দেওয়া হবে।
56
সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে কী বলল আদালত?
শুনানিতে আইনজীবী প্রশান্ত ভূষণ দাবি করেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছেন যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তারা সরকারি প্রকল্পের সুবিধা পাবে না। তার উত্তরে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, 'মুখ্যমন্ত্রীর বক্তব্য একজন রাজনৈতিক ব্যক্তির মন্তব্যের পর্যায়ে পড়ে। এর কারণে যদি কোনও ব্যক্তি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন, তারা হাইকোর্টে যেতে পারেন।'
66
কী বললেন রাজ্যের আইনজীবী ?
রাজ্যের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কোনও তথ্য-প্রমাণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে অভিযোগ করা উচিত নয়। সলিসিটর জেনারেলের এই বক্তব্যের বিরোধিতা করে বিচারপতি বাগচী বলেন, এটা কোনও ভিত্তিহীন বা তথ্যহীন অভিযোগ নয়। আবেদনকারীরা রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তি দেখিয়েছেন। সেই বিজ্ঞপ্তি কার্যকর করা হচ্ছে কিনা, সেটাই খতিয়ে দেখতে হবে। এরপরই এই নিয়ে রাজ্যের জবাব চেয়ে নোটিশ ইস্যু করে শীর্ষ আদালত।