
WB DA News: সরকার বদলালেও কিছুতেই কাটছে না ডিএ জট। ফের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মামলার শুনানি আপাতত স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী ১ জুন নবান্নে রাজ্য সরকারি সংগঠন 'কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজস' এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে নিয়ে মিটিং ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে এই কথা জানান কেন্দ্রের জেনারেল তুষার মেহেতা।
এদিকে মামলাকারী কর্মচারীর সংগঠনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য এই মামলা জুলাই মাস পর্যন্ত স্থগিত রাখার আবেদন জানান আদালতে। এই সময়ের মধ্যে বেশ কিছু অগ্রগতি হতে পারে বলে তিনি আদালতকে জানান। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হবে।
রাজ্যে পালাবদলের পর প্রথমবার ক্ষমতায় এসেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেইমতো আগামী ৩০ মে রাজ্য সরকারি সংগঠন এবং সংশ্লিষ্ট সবপক্ষকে নিয়ে মিটিং ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে সেই তারিখ পরিবর্তন করে ১ জুন করা হয়েছে।
ওইদিন বিকেল পাঁচটায় নবান্নে এই বৈঠক হবে। ইতিমধ্যেই সপ্তম পে কমিশনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে ডিএ নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে কোনও আলোচনা হয়নি, পরবর্তী ক্যাবিনেট বৈঠকে আলোচনা হবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সুপ্রিম কোর্ট ডিএ মামলায় নির্দেশ দিয়েছিল, অবিলম্বে বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে। বাকি বকেয়া ৭৫ শতাংশ ডিএ কীভাবে, কত কিস্তিতে মেটানো হবে, তা ঠিক করতে ৪ সদস্যের একটি কমিটি গঠনের কথা বলেছিল শীর্ষ আদালত। তা সত্ত্বেও বকেয়া ডিএ-এর ২৫ শতাংশ মেটায়নি আগের রাজ্য সরকার। তা নিয়ে আবারও জল গড়ায় সুপ্রিম কোর্টে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।