
Sundarbans News: সন্দেশখালি ১ নম্বর ব্লকের বেড়মজুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের কলাগাছি নদীর শ্মশান ঘাটের পাশে নদীর বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় ৫০ ফুট এলাকা জুড়ে বাঁধের মাটির একাংশ খাড়াভাবে নদীতে তলিয়ে গিয়েছে এবং বাঁধে চওড়া ফাটল তৈরি হয়েছে। মাটির ধসের গভীরতা এতটাই মারাত্মক যে যে কোনও মুহূর্তে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন গ্রামবাসীরা। আগামী চার-পাঁচ দিন পরেই পূর্ণিমার ভরা কোটাল আসবে। যার ফলে নদীতে জলের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বৃদ্ধি পাবে। অবিলম্বে এই জরাজীর্ণ বাঁধ সংস্কার করা না হলে প্রবল জোয়ারের চাপে বাঁধ ভেঙে নোনা জল লোকালয়ে ঢুকে পড়বে। এতে বিঘার পর বিঘা চাষের জমি, মাছের ভেড়ি এবং ঘরবাড়ি প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বেন কয়েক হাজার মানুষ।
এই পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয় বাসিন্দারা সেচ দফতর ও প্রশাসনের কাছে দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ সারাইয়ের আবেদন জানিয়েছেন, যাতে পূর্ণিমার কোটালের আগেই এলাকা সুরক্ষিত করা সম্ভব হয়। এ বিষয়ে সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো বলেছেন, 'সেচ দফতরকে বিষয়টি জানিয়েছি। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।'
এরই মধ্যে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের চক খাপুকুরে ডাসা নদীর বাঁধ বসে যায় গভীর রাতে ১০০ থেকে ১৫০ ফুট। খবর পেয়ে তড়িঘড়ি বিডিও সমীর মণ্ডল ও হাসনাবাদ ব্লকের সভাপতি আনন্দ সরকার এবং সেচ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত বাঁধের ধস মেরামতের কাজ শুরু করা হয়। হাসনাবাদ এক নম্বরে ব্লকের সভাপতি আনন্দ সরকার বলেন, ‘আর কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব পরিদর্শনে আসবেন। যেহেতু তিনটে পঞ্চায়েত জলমগ্ন হয়ে যাবে, সামনে বর্ষার মরসুম রয়েছে। সেই কারণে যাতে শক্তপোক্ত বাঁধ করা যায় সেই লক্ষ্যে কাজ চলছে। আয়লা, আমফানে অনেক ক্ষতি হয়েছে। তার জন্য আমরা দ্রুত বাঁধ মেরামতের চেষ্টা করছি। শক্তপোক্ত বাঁধ হবে।’ তিনি আরো বলেন, 'কৃষকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও নজর দিতে বলব।' হাসনাবাদের বিডিও সমীর মন্ডল দ্রুত বাঁধ মেরামতির আশ্বাস দিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.