Ather EL01: বাজারে আসছে এথারের নতুন ফ্যামিলি স্কুটার! কম দামে দারুণ মাইলেজ?
Ather EL01: আগামী ২৯ অগাস্ট এথার এনার্জি তাদের নতুন ফ্যামিলি স্কুটার EL01 লঞ্চ করতে চলেছে। টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা স্কুটারের দাম ও মাইলেজ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

আগামী ২৯ অগাস্ট লঞ্চ হবে
বেঙ্গালুরুর সংস্থা এথার এনার্জি ভারতের অন্যতম সেরা ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড। গুণমান, মাইলেজ এবং পারফরম্যান্সের জন্য এদের বেশ নামডাক রয়েছে। স্পোর্টস মডেলের পর, সম্প্রতি ফ্যামিলি স্কুটার 'Rizta' এনেছিল তারা। এবার পরিবারকে মাথায় রেখে আরও একটি নতুন ইলেকট্রিক স্কুটার আনছে এথার। EL01 নামের এই স্কুটারটি আগামী ২৯ অগাস্ট লঞ্চ হবে।

স্কুটারের এক্স-শোরুম দাম কত?
বিশেষজ্ঞদের মতে, এথার EL01 ইলেকট্রিক স্কুটারের দাম এক লক্ষ থেকে ১.২৫ লক্ষের মধ্যে থাকতে পারে। বর্তমানে বাজারে থাকা এথার Rizta স্কুটারের এক্স-শোরুম দাম ১.২১ লক্ষ এবং এথার 450 সিরিজের দাম ১.২৮ লক্ষ থেকে শুরু।
শহরের রাস্তায় ভালো ব্যালেন্স?
সংস্থার দাবি, নতুন ডিজাইন, উন্নত প্রযুক্তি, আরও বেশি সুরক্ষা এবং আরামদায়ক রাইডিংয়ের জন্য এই স্কুটারটি দারুণ বিকল্প হবে। এতে হ্যান্ডেলবারে লাগানো হেডলাইট, LED ডে-টাইম রানিং লাইট, ১৪ ইঞ্চির সামনের চাকা এবং ১২ ইঞ্চির পিছনের চাকা দেওয়া হয়েছে। ফলে, শহরের রাস্তায় ভালো ব্যালেন্স পাওয়া যাবে। মেটাল বডি প্যানেল দিয়ে তৈরি EL01 স্কুটারটি এথারের বাজেট-ফ্রেন্ডলি মডেল হতে পারে। তবে এখনও পর্যন্ত ব্যাটারি ও মাইলেজ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য জানায়নি সংস্থা।
অ্যাকসেসরিজও লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে
শোনা যাচ্ছে, মাইলেজের ক্ষেত্রে এই স্কুটারটি নতুন রেকর্ড গড়তে পারে। এথারের স্কুটারে বর্তমানে 2kWh থেকে 5kWh পর্যন্ত ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়। নতুন মডেলে কোনটি থাকবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ২৯ অগাস্ট EL01 স্কুটারের পাশাপাশি সংস্থাটি আরও কিছু নতুন পণ্য এবং অ্যাকসেসরিজও লঞ্চ করার পরিকল্পনা করেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

