- Home
- Auto
- Electric Scooter Comparison: রিভার ইন্ডি বনাম আথার রিজতা, পরিবারের জন্য সেরা ইলেকট্রিক স্কুটার কোনটি?
Electric Scooter Comparison: রিভার ইন্ডি বনাম আথার রিজতা, পরিবারের জন্য সেরা ইলেকট্রিক স্কুটার কোনটি?
Electric Scooter Comparison: রিভার ইন্ডি বনাম আথার রিজতা, পরিবারের জন্য সেরা ইলেকট্রিক স্কুটার কোনটি? দাম, ব্যাটারি রেঞ্জ, ৪৩ লিটার স্টোরেজ স্পেস এবং স্মার্ট ফিচারের পুরো তুলনা দেখে নিন।

পরিবারের জন্য সেরা ইলেকট্রিক স্কুটার
ভারতে পরিবারের জন্য ইলেকট্রিক স্কুটার কেনা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। বেশি জায়গা, পিছনের সিটের আরাম এবং দুর্দান্ত রেঞ্জের কারণে বাজার কাঁপাচ্ছে 'রিভার ইন্ডি' (River Indie) এবং 'আথার রিজতা' (Ather Rizta)। আসুন এই দুটি ইলেকট্রিক স্কুটারের বিস্তারিত তুলনা দেখে নেওয়া যাক।

দাম ও ভ্যারিয়েন্ট
ইলেকট্রিক স্কুটারের 'এসইউভি' (SUV) বলা হয় রিভার ইন্ডিকে। এটি একটি মাত্র স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে আসে। এর দাম ১.৫৭ লক্ষ টাকা (এক্স-শোরুম) এবং এটি ৫টি রঙে পাওয়া যায়। অন্যদিকে, আথার রিজতার দাম শুরু হচ্ছে ১.২২ লক্ষ টাকা থেকে, টপ মডেলের দাম ১.৬১ লক্ষ টাকা। এটি 'রিজতা এস' এবং 'রিজতা জেড' এই দুটি ভাগে মোট ২০টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। বাজেটের মধ্যে স্কুটার খুঁজলে, রিভার ইন্ডির থেকে ৩৫,০০০ টাকা কমে আথার রিজতার বেস মডেল পাওয়াটা একটা বড় পাওনা।
ব্যাটারি, রেঞ্জ ও পারফরম্যান্স
রিভার ইন্ডিতে রয়েছে ৪ কিলোওয়াট আওয়ার (kWh) ব্যাটারি এবং ৬.৭ কিলোওয়াট (kW) মোটর (২৬ ন্যানোমিটার টর্ক)। একবার পুরো চার্জ দিলে এটি ১৬৩ কিমি রেঞ্জ দেয় (তবে বাস্তবে ১২০-১৩০ কিমি)। বাড়ির চার্জার দিয়ে পুরো চার্জ হতে ৫ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৯০ কিমি। এতে ইকো, রাইড এবং রাশ—এই তিনটি রাইডিং মোড রয়েছে।
আথার রিজতায় ৪.৩ কিলোওয়াট (kW) মোটরের সঙ্গে দুটি ব্যাটারির বিকল্প রয়েছে। ২.৯ কিলোওয়াট আওয়ার (kWh) ব্যাটারি ১২৩ কিমি রেঞ্জ দেয়, আর বড় ব্যাটারি দিলে ১৬০ কিমি রেঞ্জ মেলে। আথারের ফাস্ট চার্জিংয়ের সাহায্যে মাত্র ৬০ মিনিটে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিমি। এতে স্মার্ট ইকো, জিপ মোড এবং 'ম্যাজিক টুইস্ট' (Magic Twist) ব্রেকিংয়ের সুবিধা রয়েছে।
জায়গা এবং স্মার্ট ফিচার
জায়গার দিক থেকে রিভার ইন্ডি বেশ বড়। এর সিটের নিচে ৪৩ লিটার জায়গা এবং একটা বড় সমতল ফুটবোর্ড (Floorboard) রয়েছে। আথার রিজতায় রয়েছে ৩৪ লিটার স্টোরেজ।
প্রযুক্তির দিক থেকে আথার রিজতা জেড (Z) মডেল অনেকটাই এগিয়ে। এতে ৭ ইঞ্চি কালার টিএফটি (TFT) স্ক্রিন, ব্লুটুথ, গুগল ম্যাপস নেভিগেশন, ফল সেফ (FallSafe) এবং অটো হোল্ডের মতো আধুনিক সুরক্ষার ফিচার রয়েছে। রিভার ইন্ডিতে রয়েছে ৬ ইঞ্চি এলসিডি (LCD) স্ক্রিন, ডুয়াল ডিস্ক ব্রেক, সিবিএস (CBS) এবং বড় ১৪ ইঞ্চি অ্যালয় হুইল। তবে দুটি স্কুটারেই রিভার্স অ্যাসিস্ট, ইউএসবি (USB) চার্জিং এবং এলইডি (LED) লাইট রয়েছে।
যাঁরা বেশি জায়গা, মজবুত গড়ন এবং গতি চান, তাঁরা রিভার ইন্ডি বেছে নিতে পারেন। আর যারা বাজেটের মধ্যে আধুনিক স্মার্ট প্রযুক্তি এবং ফাস্ট চার্জিং সুবিধা চান, তাঁদের জন্য আথার রিজতাই সেরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

