আজকাল গাড়ি প্রস্তুতকারকরা কম দামি মডেলেও ৩৬০-ডিগ্রি ক্যামেরার মতো প্রিমিয়াম ফিচার দিচ্ছেন, যা পার্কিংকে সহজ করে তোলে। এই প্রতিবেদনে ১০ লক্ষ টাকার কমে এমন কয়েকটি সেরা গাড়ি যেমন টাটা টিয়াগো, মারুতি ব্যালেনো- এই আধুনিক সুবিধাটি পাওয়া যায়।

আজকাল নতুন গাড়ি কেনার সময় ক্রেতারা শুধু ভালো পারফরম্যান্সই চান না, সঙ্গে চান একগুচ্ছ আধুনিক ফিচার। এই চাহিদার কথা মাথায় রেখেই গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলো এখন কম দামি মডেলেও প্রিমিয়াম ফিচার দিতে শুরু করেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিচার হল ৩৬০-ডিগ্রি ক্যামেরা, যা ধীরে ধীরে বাজেট গাড়িতেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। চলুন, আজ ১০ লাখ টাকার কমে ৩৬০-ডিগ্রি ক্যামেরা সহ সেরা কয়েকটি গাড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

টাটা টিয়াগো

টাটা সম্প্রতি তাদের জনপ্রিয় হ্যাচব্যাক টিয়াগোর নতুন ফেসলিফ্ট মডেল বাজারে এনেছে। এই আপডেটে গাড়ির সামনে ও পিছনের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ভেতরের কেবিনও নতুন করে সাজানো হয়েছে, যেখানে রয়েছে নতুন ড্যাশবোর্ড লেআউট, টু-স্পোক স্টিয়ারিং হুইল, AMT মডেলের জন্য রোটারি গিয়ার-সিলেক্টর নব, প্যাডেল শিফটার এবং নতুন ফ্যাব্রিকের সিট। টিয়াগোর টপ ভ্যারিয়েন্টগুলিতে টাটা এখন ৩৬০-ডিগ্রি ক্যামেরাও দিচ্ছে। এই গাড়ির দাম ৪.৬৯ লক্ষ থেকে ৭.৯৯ লক্ষ টাকার মধ্যে।

মারুতি সুজুকি ব্যালেনো

দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি তাদের অনেক নতুন মডেলেই এখন ৩৬০-ডিগ্রি ক্যামেরা দিচ্ছে। কয়েক বছর আগে একটি আপডেটের অংশ হিসেবে এই প্রিমিয়াম হ্যাচব্যাকটিতে প্রথম ৩৬০-ডিগ্রি ক্যামেরা যুক্ত করা হয়। এই হ্যাচব্যাকটির দাম ৫.৯৯ লক্ষ (এক্স-শোরুম) থেকে শুরু হয়ে ৯.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। এতে রয়েছে ১.২ লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা ৮৯ bhp পাওয়ার এবং ১১৩ Nm টর্ক তৈরি করে।

রেনো কাইগার

রেনো কাইগারের দাম ৫.৮১ লক্ষ থেকে ১০.৩৪ লক্ষ টাকার মধ্যে। ভারতীয় বাজারে রেনোর চার মিটারের কম দৈর্ঘ্যের এই SUV-টিও বেশ জনপ্রিয়। এর টপ-স্পেক ভ্যারিয়েন্টের দাম ১০ লাখের সামান্য বেশি হলেও, ১০ লাখের কম দামের ভ্যারিয়েন্টেও ৩৬০-ডিগ্রি ক্যামেরা পাওয়া যায়। এই SUV-টি ১.০ লিটার ন্যাচারাল পেট্রোল এবং ১.০ লিটার টার্বো-পেট্রোল, এই দুটি ইঞ্জিন অপশনে উপলব্ধ।

টাটা পাঞ্চ

টাটা পাঞ্চের দাম ৫.৬৫ লক্ষ থেকে ১০.৬০ লক্ষ টাকার মধ্যে। টাটার সবচেয়ে বেশি বিক্রি হওয়া এই মাইক্রো-SUV-এর ১০ লাখের কম দামের ভ্যারিয়েন্টেও ৩৬০-ডিগ্রি ক্যামেরা পাওয়া যায়। এই বছরের শুরুতে SUV-টি আপডেট করা হয়েছে। এখন এটি ম্যানুয়াল ট্রান্সমিশন সহ একটি শক্তিশালী ১.২ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি ১.২ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল এবং iCNG ভ্যারিয়েন্টেও পাওয়া যাচ্ছে।

নিসান ম্যাগনাইট

নিসান ম্যাগনাইটের দাম ৫.৬৫ লক্ষ থেকে ১০.৯৬ লক্ষ টাকার মধ্যে। নিসান ভারতে কাইগারের প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি ম্যাগনাইটও বিক্রি করে। নিসান ম্যাগনাইটের ফেসলিফ্ট মডেলেও ৩৬০-ডিগ্রি ক্যামেরা রয়েছে। কাইগারের মতোই ম্যাগনাইটেও ম্যানুয়াল, AMT এবং CVT গিয়ারবক্সের অপশন পাওয়া যায়।