Best Selling Cars: ওয়াগনআর থেকে নেক্সন, উৎসবের মরশুমে বাজার কাঁপাল সেরা ৫ গাড়ি
Best Selling Cars: গত অক্টোবর মাসে উৎসবের মরসুমে ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেরা ৫টি গাড়ির ইঞ্জিন, ফিচার ও দামের খুঁটিনাটি দেখে নেব আমরা।

ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেরা ৫ গাড়ি
ভারতের গাড়ির বাজার ক্রমশই উপরের দিকে উঠছে। বিশেষ করে, উৎসবের মরশুমে গাড়ির বিক্রি চোখে পড়ার মতো। গত বছরের অক্টোবরের তুলনায় এ বছর প্রথম ৫টি স্থানে থাকা গাড়িগুলির মোট বিক্রি অনেকটা বেড়েছে। গত অক্টোবর মাসে, ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া সেরা ৫টি গাড়ির বিস্তারিত তথ্য চলুন দেখে নিই।

মারুতি ওয়াগনআর (Maruti WagonR)
ভারতীয় পরিবারগুলির অন্যতম পছন্দের হ্যাচব্যাক মারুতি ওয়াগনআর গত অক্টোবরে ২৩,৭৪৭টি ইউনিট বিক্রি করে ফের এক নম্বরে জায়গা করে নিয়েছে। গত বছর এই মাসে ১৮,৯৭০টি গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ এবার ২৫.১৮% বৃদ্ধি পেয়েছে বিক্রি।
ইঞ্জিন ও গিয়ারবক্স - ১.০ লিটার ও ১.২ লিটারের পেট্রল ইঞ্জিন রয়েছে এতে, সঙ্গে ৫-স্পিড ম্যানুয়াল ও এএমটি (AMT) গিয়ারবক্স মিলবে। ১.০ লিটার ইঞ্জিনে সিএনজি (CNG) বিকল্পও আছে।
ফিচার ও দাম - ৬টি এয়ারব্যাগ, টাচস্ক্রিন, স্টিয়ারিং কন্ট্রোল এবং বড় কেবিন এর অন্যতম আকর্ষণ। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৯৯ লক্ষ টাকা থেকে।
মারুতি ব্রেজা (Maruti Brezza)
গত অক্টোবরে, ২২,৪৩৬টি ইউনিট বিক্রি করে মারুতি ব্রেজা তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। গত বছর অক্টোবরে মাত্র ১২,০৭২টি ইউনিট বিক্রি হয়েছিল, এবার বিক্রি বেড়েছে ৮৫.৮৫%। প্রথম ৫টি গাড়ির মধ্যে সবচেয়ে বেশি বার্ষিক বৃদ্ধি পেয়েছে এই মডেলটিই।
ইঞ্জিন ও গিয়ারবক্স - এতে ১.৫ লিটারের পেট্রল ইঞ্জিন রয়েছে, সঙ্গে ৫-স্পিড ম্যানুয়াল ও ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের বিকল্প মিলবে। সিএনজি ভ্যারিয়েন্টও রয়েছে।
ফিচার ও দাম - ইলেকট্রিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, রিয়ার এসি ভেন্টের মতো ফিচার নজর কাড়বে আপনার। এর প্রারম্ভিক এক্স-শোরুম দাম ৭.৪৯ লক্ষ টাকা।
টাটা নেক্সন (Tata Nexon)
গত মাসে টাটা নেক্সন এবং এর ইলেকট্রিক ভার্সন মিলিয়ে মোট ২১,৯৬৬টি ইউনিট বিক্রি করে তৃতীয় স্থানটি ধরে রেখেছে। গত বছরের ২২,০৮৩টি ইউনিটের তুলনায় বিক্রি ০.৫৩% কমলেও, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বিক্রি ৭.৩৮% বেড়েছে।
ইঞ্জিন ও গিয়ারবক্স - নেক্সনের পেট্রল মডেলে ১.২ লিটার টার্বো ইঞ্জিন এবং ডিজেল মডেলে ১.৫ লিটার ইঞ্জিন রয়েছে। এছাড়াও সিএনজি বিকল্প পাবেন। ম্যানুয়াল, এএমটি ও ডিসিটি (DCT) গিয়ারবক্সের সুবিধা রয়েছে।
ফিচার ও দাম - ৬টি এয়ারব্যাগ, বড় টাচস্ক্রিন, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও সানরুফ এর প্রধান ফিচার। ৭.৩৯ লক্ষ টাকা থেকে এর এক্স-শোরুম দাম শুরু।
মারুতি ব্যালেনো (Maruti Baleno)
প্রিমিয়াম হ্যাচব্যাক বিভাগে তুমুল জনপ্রিয় মারুতি ব্যালেনো গত অক্টোবরে ২০,৯১৯টি ইউনিট বিক্রি করে চতুর্থ স্থানে রয়েছে। গত বছর একই সময়ে ১৬,৮৭৩টি গাড়ি বিক্রি হয়েছিল, অর্থাৎ বিক্রি বেড়েছে ২৩.৯৮%। তবে সেপ্টেম্বরের তুলনায় বিক্রি সামান্য কমেছে।
ইঞ্জিন ও গিয়ারবক্স - ব্যালেনোতে ১.২ লিটার ৩-সিলিন্ডার পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি গিয়ারবক্সের সঙ্গে আসে, রয়েছে সিএনজি বিকল্পও।
ফিচার ও দাম - ৯-ইঞ্চি টাচস্ক্রিন, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেডস-আপ ডিসপ্লে (HUD) ও ওয়্যারলেস চার্জিংয়ের মতো ফিচার পাবেন। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৯৯ লক্ষ টাকা থেকে।
মারুতি ডিজায়ার (Maruti Dzire)
ভারতের অন্যতম জনপ্রিয় সেডান মারুতি ডিজায়ার গত অক্টোবরে ২০,৬৪৯টি ইউনিট বিক্রি করে পঞ্চম স্থানে রয়েছে। গত বছর অক্টোবরে ২০,৭৯১টি ইউনিট বিক্রি হয়েছিল, অর্থাৎ বিক্রি কমেছে ০.৬৮%।
ইঞ্জিন ও গিয়ারবক্স - ডিজায়ারে ১.২ লিটার ৩-সিলিন্ডারের পেট্রল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি গিয়ারবক্সের সঙ্গে আসে। রয়েছে সিএনজি বিকল্পও।
ফিচার ও দাম - ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রিক সানরুফ, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ক্রুজ কন্ট্রোল এবং রিয়ার এসি ভেন্ট এর অন্যতম ফিচার। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬.৩১ লক্ষ টাকা থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

