Honda Stylo 160: দারুণ ডিজাইন এবং শক্তিশালী ১৬০ সিসি ইঞ্জিন নিয়ে নজর কাড়ছে হন্ডা স্টাইলো ১৬০। ইন্দোনেশিয়ার বাজারে হিট এই স্কুটারটি খুব শিগগিরই ভারতেও লঞ্চ হতে পারে বলে খবর। তবে স্টোরেজ স্পেস আর ছোট ফুয়েল ট্যাঙ্কের মতো কিছু খামতিও রয়েছে এই স্কুটারটিতে।
Honda Stylo 160: স্টাইলিশ ডিজাইন আর শক্তিশালী ইঞ্জিন নিয়ে বাইকপ্রেমীদের নজর কাড়ছে হন্ডার স্টাইলো ১৬০ স্কুটার। ইন্দোনেশিয়ার বাজারে ২০২৬ মডেলের জন্য নতুন রঙের অপশন নিয়ে হাজির হয়েছে এই স্কুটার। এবার শোনা যাচ্ছে, খুব শিগগিরই ভারতীয় বাজারেও স্টাইলো ১৬০ লঞ্চ করার কথা ভাবছে হন্ডা। এই স্কুটারের সবচেয়ে বড় আকর্ষণ হল, মডেলটিট দারুণ ডিজাইন (Honda Stylo 160)। গোল এলইডি হেডল্যাম্প, সামনের দিকে ফ্লোয়িং অ্যাপ্রন, কমপ্যাক্ট টেল সেকশন, সাইড প্যানেল আর ১২ ইঞ্চির চাকা— সবমিলিয়ে, স্কুটারটির লুক বেশ নজরকাড়া। অ্যাডভেঞ্চার বাইক থেকে অনুপ্রাণিত হয়েই স্টাইলো ১৬০-এর ডিজাইন করা হয়েছে। ম্যাক্সি স্কুটারের মতো বিশাল সাইজের না হলেও রাস্তায় বেরোলে আলাদা করে চোখ পড়বেই। ২০২৬ মডেলে গ্ল্যাম গ্রে এবং রয়্যাল ভায়োলেট নামে দুটি নতুন রঙ আনা হয়েছে। পাশাপাশি স্পেশাল বারগান্ডি এবিএস ভার্সনটিও বাজারে থাকছে।
১১০ ও ১২৫ সিসির চেয়েও বেশি পাওয়ার
ভারতে হন্ডার যে ১১০ সিসি বা ১২৫ সিসির স্কুটারগুলো পাওয়া যায়, তার চেয়ে স্টাইলো ১৬০-এর ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। তবে শহরের রাস্তায় রোজকার যাতায়াতের কথা মাথায় রেখেই এর ডিজাইন করা হয়েছে। কোম্পানির ২০২৫ সালের গ্লোবাল ফিনান্সিয়াল রিপোর্টেও বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বাজারে হোন্ডার বিক্রি বাড়াতে স্টাইলো ১৬০ বড় ভূমিকা রেখেছে। হন্ডার এডিভি১৬০ মডেলটির হাত ধরেই ভারতে স্টাইলো ১৬০ আসার সম্ভাবনা জোরালো হচ্ছে। ২০২৬ সালের প্রোডাক্ট লাইনআপ বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে ভারতীয় বাজারে এডিভি১৬০ লঞ্চ করা হয়েছে। ভারতের এডিভি১৬০ মডেলে ১৫৬.৯ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। শোনা যাচ্ছে, ই৮৫ পর্যন্ত ফ্লেক্স-ফুয়েল সাপোর্ট করার মতো পাওয়ারট্রেনও তৈরি করা হচ্ছে। ভারতের রাস্তাঘাট, দূষণ বিধি, জ্বালানির চাহিদা আর সার্ভিসিংয়ের কথা মাথায় রাখলে হোন্ডার কাছে আগে থেকেই ১৫৬.৯ সিসির লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে। তাই স্টাইলো ১৬০-কে ভারতের বাজারে আনাটা কোম্পানির জন্য বেশ সুবিধাজনকই হবে।
কিছু খামতিও রয়েছে
তবে ভারতের বাজারে আনার আগে হন্ডাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আধুনিক স্কুটারগুলির তুলনায় এটির ১৬.৫ লিটারের আন্ডারসিট স্টোরেজ বেশ কম। ৫ লিটারের ফুয়েল ট্যাঙ্কটিও সাইজে ছোট। এছাড়া এতে ১২ ইঞ্চির চাকা ব্যবহার করা হয়েছে। ভারতের শহরের ভাঙাচোরা রাস্তার কথা মাথায় রেখে হন্ডাকে হয়তো এর সাসপেনশন সেটআপে কিছু বদল আনতে হতে পারে। তবে ভারতে স্টাইলো ১৬০ কবে লঞ্চ হবে, সে বিষয়ে হোন্ডার তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


