- Home
- Business News
- ল্যাপটপ বা ট্যাব কিনতে প্রায় ২ লক্ষ টাকা পাবেন সরকারি কর্মচারীরা, DA বৃদ্ধির পর আবার সুখবর!
ল্যাপটপ বা ট্যাব কিনতে প্রায় ২ লক্ষ টাকা পাবেন সরকারি কর্মচারীরা, DA বৃদ্ধির পর আবার সুখবর!
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও একটি বড় সুখবর। মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির পর এবার সরকারি আধিকারিকদের ল্যাপটপ, ট্যাবলেট-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কেনার সর্বোচ্চ আর্থিক সীমা বাড়াল কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও একটি বড় সুখবর। মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির পর এবার সরকারি আধিকারিকদের ল্যাপটপ, ট্যাবলেট-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস কেনার সর্বোচ্চ আর্থিক সীমা বাড়াল কেন্দ্র। নতুন নির্দেশিকা অনুযায়ী, যোগ্য আধিকারিকদের জন্য ডিভাইস কেনার সর্বোচ্চ সীমা ১.৮ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। শুধু তাই নয়, নির্দিষ্ট শর্তে চার বছর ব্যবহারের পর সেই ডিভাইস নিজের কাছেও রাখতে পারবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের তরফে ১০ নভেম্বর ২০২৬ এই সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের পে লেভেল ১২ বা তার উপরের স্তরে থাকা সমস্ত সরকারি আধিকারিক এই সুবিধা পাওয়ার যোগ্য। অন্যদিকে, পে লেভেল ৮ থেকে ১১-এর মধ্যে থাকা আধিকারিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের সর্বোচ্চ ৫০ শতাংশ আধিকারিককে এই ডিভাইস দেওয়া যাবে। তবে বিশেষ প্রয়োজনের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের সচিব, আর্থিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করে এই সংখ্যা অনুমোদিত পদের ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দিতে পারেন।
নতুন নিয়মে ডিভাইস কেনার ক্ষেত্রে দুটি আর্থিক সীমা রাখা হয়েছে। সাধারণ ক্ষেত্রে কর বাদ দিয়ে সর্বোচ্চ ১.৫০ লক্ষ টাকা। ডিভাইসে ৪০ শতাংশের বেশি ‘মেক ইন ইন্ডিয়া’ উপাদান থাকলে সর্বোচ্চ ১.৮০ লক্ষ টাকা। এই খরচের মধ্যে স্ট্যান্ডার্ড সফটওয়্যারের মূল্যও অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ, দেশীয় উৎপাদনকে উৎসাহ দিতেও বিশেষ সুবিধা রাখা হয়েছে।
নতুন নির্দেশিকার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল ডিভাইসের মালিকানা। কেনার পর প্রথম চার বছর পর্যন্ত ল্যাপটপ বা ট্যাবলেট সরকারের সম্পত্তি হিসেবেই থাকবে। চার বছর ব্যবহারের পর সংশ্লিষ্ট আধিকারিক সেটি নিজের কাছে রাখতে পারবেন। তবে ডিভাইসে থাকা সরকারি তথ্য ও নথির নিরাপত্তার দায়িত্ব ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট আধিকারিকের উপরই থাকবে।
২০২৩ সালের নির্দেশিকায় সাধারণ ডিভাইস কেনার সর্বোচ্চ সীমা ছিল ১ লক্ষ টাকা এবং মেক ইন ইন্ডিয়া উপাদানযুক্ত ডিভাইসের ক্ষেত্রে ১.৩০ লক্ষ টাকা। এবার সেই সীমা বাড়িয়ে যথাক্রমে ১.৫০ লক্ষ ও ১.৮০ লক্ষ টাকা করা হয়েছে।
নতুন নির্দেশিকায় আগের মতো মোবাইল ফোন কেনার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ফলে এই সুবিধাকে সব কেন্দ্রীয় সরকারি কর্মীর জন্য সাধারণ উপহার হিসেবে দেখা ঠিক হবে না। এটি নির্দিষ্ট বেতনস্তরের যোগ্য আধিকারিকদের সরকারি কাজের প্রয়োজনে দেওয়া সুবিধা।