DA News: ১৮ মাসের DA বকেয়া কি এবার মিলবে? সরকারি কর্মচারীদের এল বিরাট বড় আপডেট
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (DR)-র দাবি ফের জোরালো হল। করোনাকালে আটকে রাখা ১৮ মাসের DA-DR বকেয়া মেটানোর দাবিতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াচ্ছে কর্মী সংগঠনগুলি।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (DR)-র দাবি ফের জোরালো হল। করোনাকালে আটকে রাখা ১৮ মাসের DA-DR বকেয়া মেটানোর দাবিতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াচ্ছে কর্মী সংগঠনগুলি। দ্রুত টাকা মেটানো না হলে দেশজুড়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রাঁচিতে কেন্দ্রীয় কর্মচারী ও আধিকারিকদের সংগঠনের প্রতিনিধিরা এই দাবিতে সরব হয়েছেন। সংগঠনের বক্তব্য, মূল্যবৃদ্ধির বাজারে কর্মী ও পেনশনভোগীদের প্রাপ্য টাকা আটকে রাখা অন্যায়। তাই প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করে বকেয়া মেটানোর ব্যবস্থা করার আর্জি জানানো হয়েছে।

করোনা মহামারির সময় ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত মোট ১৮ মাসের DA ও DR-এর তিনটি কিস্তি স্থগিত করেছিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ছিল ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১ থেকে কার্যকর হওয়ার কথা থাকা কিস্তিগুলি। এর ফলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী এই বকেয়া পাওয়ার দাবিদার হিসেবে দীর্ঘদিন ধরে সরব।
কেন্দ্রীয় সরকারের যুক্তি, করোনা মহামারির কারণে দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছিল। সেই সময় সরকারি কোষাগারের উপর চাপ কমাতেই DA-DR-এর তিনটি কিস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সংসদে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, মহামারির আর্থিক প্রভাব এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে খরচের কারণে ওই বকেয়া মেটানো সম্ভব নয়।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA আরও ৩ শতাংশ বাড়িয়ে ৬৩ শতাংশ করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর হয়েছে। ফলে নিয়মিত DA বৃদ্ধির সুবিধা মিললেও করোনাকালের ১৮ মাসের বকেয়া এখনও আলাদা ইস্যু হিসেবেই রয়েছে।
এই মুহূর্তে ১৮ মাসের বকেয়া DA-DR মেটানোর বিষয়ে কেন্দ্রের কোনও নতুন অনুমোদন বা টাকা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা ঘোষণা হয়নি। কর্মী সংগঠনগুলি আন্দোলনের হুঁশিয়ারি দিলেও বকেয়া টাকা পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে এখন বড় প্রশ্ন, কবে মিলবে করোনাকালের আটকে থাকা ১৮ মাসের DA-DR?