ATM New Rules: এবার ATM থেকে টাকা তুললেই কি কাটবে ২৩ টাকা? RBI-র নতুন নিয়ম জানুন
ATM থেকে টাকা তোলা, বিনামূল্যে লেনদেনের সীমা, অতিরিক্ত চার্জ এবং কন্ট্যাক্টলেস কার্ডে পেমেন্ট—একাধিক বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

ব্যাঙ্কের ATM ব্যবহার করেন? ডেবিট বা ক্রেডিট কার্ডে কেনাকাটা করেন? তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নতুন নির্দেশিকা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ATM থেকে টাকা তোলা, বিনামূল্যে লেনদেনের সীমা, অতিরিক্ত চার্জ এবং কন্ট্যাক্টলেস কার্ডে পেমেন্ট—একাধিক বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২৭ নভেম্বর ২০২৬ তারিখে RBI ATM ও কার্ড সংক্রান্ত একাধিক পুরনো নির্দেশিকাকে এক জায়গায় এনে নতুন Master Direction জারি করেছে। তবে গ্রাহকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ফ্রি ATM লেনদেনের সংখ্যা বা অতিরিক্ত লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকার চার্জ বাড়ানো হয়নি। বরং গ্রাহকদের কতগুলি ফ্রি লেনদেন বাকি রয়েছে এবং পরবর্তী লেনদেনে কত চার্জ লাগতে পারে, তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে।

মাসে কতবার বিনামূল্যে ATM থেকে টাকা তুলতে পারবেন?
RBI-র নিয়ম অনুযায়ী, নিজের ব্যাঙ্কের ATM থেকে মাসে সর্বোচ্চ ৫ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন গ্রাহকরা। অন্য ব্যাঙ্কের ATM ব্যবহারের ক্ষেত্রে মেট্রো শহরে মাসে ৩ বার এবং নন-মেট্রো শহরে মাসে ৫ বার বিনামূল্যে লেনদেনের সুযোগ রয়েছে। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদকে মেট্রো শহর হিসেবে ধরা হয়। তবে অন্য ব্যাঙ্কের মেট্রো ও নন-মেট্রো ATM মিলিয়ে মাসে মোট ৫টি বিনামূল্যে লেনদেন করা যাবে। এর বেশি লেনদেন করলেই অতিরিক্ত চার্জ দিতে হতে পারে।
ফ্রি লেনদেন শেষ হলে কত টাকা চার্জ কাটবে?
নির্ধারিত ফ্রি লেনদেনের সীমা শেষ হয়ে গেলে ব্যাঙ্ক প্রতি অতিরিক্ত ATM লেনদেনে সর্বোচ্চ ২৩ টাকা চার্জ করতে পারবে। এর সঙ্গে প্রযোজ্য GST-ও যোগ হতে পারে। অর্থাৎ, ফ্রি সীমা শেষ হওয়ার পর ATM ব্যবহার করার আগে চার্জের বিষয়টি মাথায় রাখতে হবে।
ATM থেকে টাকা না বেরোলেও কি চার্জ কাটবে?
এক্ষেত্রে গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর রয়েছে। যদি প্রযুক্তিগত সমস্যার কারণে ATM থেকে টাকা না বেরোয়, অথবা ATM-এ নগদ টাকা না থাকার কারণে লেনদেন ব্যর্থ হয়, তাহলে সেই লেনদেন ফ্রি সীমার মধ্যে গণনা করা যাবে না। এমন ক্ষেত্রে ব্যাঙ্ক কোনও চার্জও নিতে পারবে না। ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারীর কারণে লেনদেন ব্যর্থ হলেও একই সুরক্ষা প্রযোজ্য।
এবার থেকে ATM-এ ফ্রি লেনদেনের হিসাব জানাবে ব্যাঙ্ক। নতুন নির্দেশিকায় RBI ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের সতর্ক করার ব্যবস্থা করতে বলেছে। অর্থাৎ—মাসে কতগুলি ফ্রি ATM লেনদেন করেছেন, তা জানাতে হবে। আর কতগুলি বিনামূল্যে লেনদেন বাকি রয়েছে, তা বোঝাতে হবে। ফ্রি সীমা শেষ হলে কত টাকা চার্জ লাগতে পারে, তা জানাতে হবে। ATM-টি মেট্রো না নন-মেট্রো এলাকায় অবস্থিত, সেটিও স্পষ্ট করতে হবে। এর ফলে হঠাৎ করে ATM চার্জ কেটে নেওয়া নিয়ে গ্রাহকদের বিভ্রান্তি কমবে। কার্ড ব্যবহারকারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ৫০০০ টাকা পর্যন্ত যোগ্য কন্ট্যাক্টলেস কার্ড পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত অথেন্টিকেশন বা PIN দেওয়ার বাধ্যবাধকতা নেই। অন্যদিকে, ৫০০০ টাকার বেশি কন্ট্যাক্টলেস লেনদেনে অতিরিক্ত অথেন্টিকেশন প্রয়োজন হবে। তবে গ্রাহক চাইলে কম টাকার পেমেন্টের ক্ষেত্রেও PIN ব্যবহার করতে পারেন।
নতুন নির্দেশিকায় কার্ড ব্যবহারের নিরাপত্তার উপরেও জোর দেওয়া হয়েছে। গ্রাহকদের জন্য ব্যাঙ্কগুলিকে এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী—দেশীয় লেনদেন চালু বা বন্ধ করতে পারেন। আন্তর্জাতিক লেনদেন বন্ধ রাখতে পারেন। অনলাইন পেমেন্ট চালু বা বন্ধ করতে পারেন। কন্ট্যাক্টলেস পেমেন্ট নিয়ন্ত্রণ করতে পারেন। কার্ডের লেনদেনের সীমা পরিবর্তন করতে পারেন। এই সুবিধাগুলি ব্যবহারের জন্য ২৪ ঘণ্টা ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দিষ্ট দোকান বা মার্চেন্ট আউটলেটে PoS মেশিনের মাধ্যমে নগদ টাকা তোলার সুবিধাও রয়েছে। একবারে সর্বোচ্চ টাকা ২,০০০ টাকা। মাসে সর্বোচ্চ ১০,০০০ টাকা। গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ চার্জ ১%। ডেবিট কার্ড, যোগ্য Full-KYC প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট এবং UPI ব্যবহার করে এই সুবিধা পাওয়া যেতে পারে। এক্ষেত্রে দোকান থেকে কোনও জিনিস কেনা বাধ্যতামূলক নয়। অর্থাৎ, শুধু নগদ টাকা তোলার জন্যও নির্দিষ্ট মার্চেন্ট আউটলেটে এই সুবিধা নেওয়া যাবে।
কবে থেকে কার্যকর RBI-র নতুন নিয়ম?
RBI-র ২৭ নভেম্বর ২০২৬-এর নতুন নির্দেশিকা জারির দিন থেকেই কার্যকর হয়েছে। ATM সংক্রান্ত ১৭টি এবং কার্ড পেমেন্ট সংক্রান্ত ২৫টি পুরনো সার্কুলারকে একত্রিত করে দুটি পৃথক কাঠামো তৈরি করা হয়েছে। তবে মনে রাখতে হবে, ফ্রি ATM লেনদেনের সংখ্যা বা ২৩ টাকার সর্বোচ্চ চার্জ নতুন করে বাড়ানো হয়নি। মূলত পুরনো নিয়মগুলিকে একত্রিত করা এবং গ্রাহকদের সুরক্ষা ও তথ্য জানানোর ব্যবস্থা আরও স্পষ্ট করা হয়েছে।