ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা সামনে এসেছে। প্রাথমিক তদন্তে ব্যাঙ্কের প্রায় ৩,৭৫,০০০টি রেকর্ড খতিয়ে দেখে ৩,৮৯৭টি গ্রাহক-রেকর্ডে ব্যক্তিগত তথ্যের সন্ধান পাওয়া গিয়েছে। ওই তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা সামনে এসেছে। প্রাথমিক তদন্তে ব্যাঙ্কের প্রায় ৩,৭৫,০০০টি রেকর্ড খতিয়ে দেখে ৩,৮৯৭টি গ্রাহক-রেকর্ডে ব্যক্তিগত তথ্যের সন্ধান পাওয়া গিয়েছে। ওই তথ্য ডার্ক ওয়েবে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক। তবে কীভাবে এই তথ্য ফাঁস হল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এসবিআই জানিয়েছে, গত ১৬ অক্টোবর তাদের থ্রেট ইন্টেলিজেন্স পরিষেবা প্রদানকারী সংস্থা ডিফেন্স সাইবার এজেন্সি এবং ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)-এর কাছ থেকে গ্রাহকদের তথ্য ফাঁসের আশঙ্কা নিয়ে সতর্কবার্তা আসে। এরপর প্রাথমিক তদন্ত শুরু করে ব্যাঙ্ক। ডার্ক ওয়েবে পাওয়া প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার রেকর্ড পরীক্ষা করে ৩,৮৯৭টি রেকর্ডে গ্রাহকদের ব্যক্তিগতভাবে শনাক্ত করা যায়, এমন তথ্য পাওয়া গিয়েছে।
গ্রাহকদের কোন কোন তথ্য ফাঁস হয়েছে?
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে—
- - গ্রাহকদের নাম ও লিঙ্গ
- - রেজিস্টার্ড মোবাইল নম্বর
- - জন্মতারিখ
- - ই-মেল আইডি
- - বাড়ির ঠিকানা
- - ব্যাঙ্কের শাখা ও গ্রাহক শনাক্তকরণ সংক্রান্ত তথ্য
- - লিড আইডি এবং ঋণ সংক্রান্ত রেকর্ডের তথ্য
এই তথ্যগুলি ব্যবহার করে প্রতারকরা গ্রাহকদের লক্ষ্য করে ভুয়ো ফোন, মেসেজ বা ফিশিংয়ের মতো সাইবার প্রতারণার চেষ্টা করতে পারে। তাই গ্রাহকদের সতর্ক থাকা জরুরি।
ব্যাঙ্কিং পরিষেবা কি বন্ধ হয়ে যাবে?
এসবিআই জানিয়েছে, এই ঘটনার জেরে ব্যাঙ্কের মূল ব্যাঙ্কিং পরিষেবা, আর্থিক কর্মক্ষমতা কিংবা ব্যবসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। ব্যাঙ্কের দাবি, সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা স্বাভাবিক রয়েছে। তথ্য ফাঁসের ঘটনা সামনে আসার পরই সাইবার নিরাপত্তা সংক্রান্ত জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, ঘটনার প্রকৃতি ও ব্যাপ্তি খতিয়ে দেখতে CERT-In-এর তালিকাভুক্ত একটি স্বাধীন সাইবার নিরাপত্তা সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
হ্যাকারদের পরিচয় কি জানা গিয়েছে?
এর আগে ‘Siriusim’ নামে একটি হ্যাকার গোষ্ঠী ডার্ক ওয়েবের একটি ফোরামে এসবিআইয়ের প্রায় ৩.৭৫ লক্ষ গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এসবিআই এখনও আনুষ্ঠানিকভাবে ওই গোষ্ঠীকে ঘটনার জন্য দায়ী করেনি। তথ্য ফাঁসের উৎস এবং প্রকাশিত তথ্যের সত্যতা যাচাইয়ের কাজ চলছে।
এসবিআই গ্রাহকদের কী সতর্কতা নেওয়া উচিত?
- - ব্যাঙ্কের নাম করে আসা সন্দেহজনক ফোন বা মেসেজের জবাব দেওয়ার আগে যাচাই করুন।
- - কাউকে OTP, ATM PIN, CVV বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড জানাবেন না।
- - অচেনা লিঙ্কে ক্লিক করে ব্যাঙ্কের তথ্য দেবেন না।
- - অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নজরে এলে দ্রুত ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন।







