স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তিও জারি করে দিল উচ্চশিক্ষা দফতর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। ১ অগাস্ট থেকেই জেনারেল কোর্সের স্নাতকোত্তরের ক্লাস শুরু করে দিতে হবে। ক্লাস শুরুর আগে কোনও ভাবেই পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ডাকা যাবে না।
স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তিও জারি করে দিল উচ্চশিক্ষা দফতর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যেই শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। ১ অগাস্ট থেকেই জেনারেল কোর্সের স্নাতকোত্তরের ক্লাস শুরু করে দিতে হবে। ক্লাস শুরুর আগে কোনও ভাবেই পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ডাকা যাবে না। ভর্তির আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। স্ক্যান করা, তথ্য আপলোড করা প্রভৃতির জন্য কোনও টাকা নেওয়া যাবে না।

উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, যে বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে, সেগুলিতে নিজস্ব পড়ুয়াদের জন্য ৮০ শতাংশ সংরক্ষণ থাকবে। আর ২০ শতাংশ সংরক্ষণ থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। যে বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ নেই অর্থাৎ ইউনিটারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের জন্য সংরক্ষণ থাকবে ৯০ শতাংশ। বাকি ১০ শতাংশ থাকবে অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য।
মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ স্নাতকে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে অভিন্ন ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এ দিন সন্ধ্যা সাতটা ২০ পর্যন্ত প্রথম পাঁচ ঘণ্টায় সাড়ে ৩৩ হাজার আবেদন জমা পড়েছে বলে খবর। নয়া ওবিসি সংরক্ষণ বিধি মেনে ১৭–এর বদলে ৭ শতাংশ এবং ৬৬টি ক্যাটিগরিকে আওতায় আনা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ, বুধবার থেকে বিজ্ঞান ও কলা শাখায় ভর্তি শুরু হচ্ছে। মঙ্গলবার থেকেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা যাচ্ছে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে চারু ও দৃশ্যকলা বিভাগে স্নাতকে ভর্তির আবেদন শুরু হবে আজ, বুধবার।
এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে ভর্তি নিয়ে জটিলতায় পড়েছে। কারণ, তাদের পরিকল্পনা ছিল, স্নাতকোত্তরের জন্য একটি প্রবেশিকা পরীক্ষা নেওয়ার। ঠিক ছিল, পঞ্চম সেমেস্টারের ছাত্রছাত্রীরা এতে বসবেন। নিজস্ব কলেজের পড়ুয়াদের জন্য মোট আসনের ৪৮ শতাংশ সংরক্ষিত থাকবে। তাঁরা পঞ্চম সেমেস্টারে প্রাপ্ত নম্বর এবং প্রবেশিকায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হবেন। বাকি ৩২ শতাংশ আসনে নিজস্ব কলেজের বা অন্য কলেজের পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে শুধুমাত্র প্রবেশিকাই হবে মাপকাঠি। বাকি ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে এক বছরের স্নাতকোত্তর কোর্সের যোগ্যতা অর্জনকারী প্রার্থীদের জন্য। সরকারি বিজ্ঞপ্তিতে মেধার ভিত্তিতে যেমন ভর্তি করার কথা বলা হয়েছে, তা প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বাধা হবে কি না, সেটাই বুঝতে চাইছে তারা।
