অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ অহুজা তাঁদের দ্বিতীয় সন্তানের কী নাম রেখেছেন জানেন?
সদ্য দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। প্রথম সন্তান বায়ুর নামকরণ অনুষ্ঠান যেমন ধুমধাম করে আয়োজন করেছিল অহুজা পরিবার, তেমনই ছোটছেলের নামকরণ অনুষ্ঠানেও দেখা গেল একই জাঁকজমক। সোনম ও তাঁর স্বামী আনন্দ অহুজা তাঁদের ছোটছেলের নাম রেখেছেন রুদ্রলোক কপূর অহুজা। শুধু নাম ঘোষণা নয়, সেই নামের নেপথ্যে থাকা আধ্যাত্মিক ভাবনাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

গত ২৯ মার্চ দ্বিতীয় সন্তানের জন্ম দেন সোনম। একাদশীর শুভ দিনে সন্তানের জন্ম হওয়াকে বিশেষ আধ্যাত্মিক আশীর্বাদ বলেই মনে করছেন দম্পতি। সমাজমাধ্যমে পরিবারের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে তাঁরা জানান, ভগবান বিষ্ণুর আশীর্বাদেই জন্ম হয়েছে ছোট্ট রুদ্রলোকের। পাশাপাশি বড় ছেলে বায়ু এবং ছোট ছেলে রুদ্রের সম্পর্ককেও ‘স্বর্গীয় বন্ধন’ বলে ব্যাখ্যা করেছেন তাঁরা।
ছেলের নামের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে সোনম ও আনন্দ লেখেন, “বেদ অনুযায়ী ‘রুদ্র’ শব্দটি সংস্কৃত ধাতু ‘রুদ’ থেকে এসেছে, যার অর্থ গর্জন করা। এই নাম অসীম শক্তি, আরোগ্য, পুনর্জাগরণ এবং রূপান্তরের প্রতীক।”
তাঁরা আরও জানান, “রুদ্র হল সবচেয়ে শক্তিশালীদের মধ্যেও সর্বশক্তিমান। ঝড়, শ্বাস, আরোগ্য এবং পুনর্জাগরণের নেপথ্যে থাকা ঐশ্বরিক শক্তির প্রতীক এই নাম।”
একই সঙ্গে বড় ছেলে বায়ুর নামের সঙ্গে ছোট ছেলে রুদ্রলোকের গভীর যোগসূত্রের কথাও তুলে ধরেন অভিনেত্রী। তাঁদের মতে, ‘বায়ু’ হল জীবনীশক্তি বা প্রাণ, যা সমস্ত জীবের মধ্যে প্রবাহিত হয়, আর রুদ্র সেই শক্তিরই এক মহাজাগতিক রূপ।
নবজাতকের জন্য আশীর্বাদ জানিয়ে দম্পতি লেখেন, “নিজের নামের মতোই রুদ্র যেন বড় হয়ে নির্ভীক, সহানুভূতিশীল, গভীর ভাবে সচেতন এবং শক্তি ও আলোর প্রতীক হয়ে ওঠে।”
দুই সন্তানকে নিয়ে নানা সুন্দর মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেও এখনও পর্যন্ত ছেলেদের মুখ পুরোপুরি প্রকাশ্যে আনেননি সোনম কপূর এবং আনন্দ অহুজা।
