দীর্ঘ জল্পনার পর তৃণমূলের ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন গায়িকা ইমন চক্রবর্তী ও বিধায়ক কাঞ্চন মল্লিক। ইমন জানিয়েছেন তিনি গানের জগতেই থাকতে চান, রাজনীতি তাঁর জন্য নয়। কী বললেন কাঞ্চন?
দীর্ঘ জল্পনার পর ছাব্বিশের বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল। কিন্তু, জল্পনা সত্যি করেই এবার প্রার্থী তালিকায় নাম দেখা গেল না গায়িকা ইমন চক্রবর্তী থেকে অভিনেতা কাঞ্চন মল্লিকের। এদিকে গত বিধানসভা ভোটে উত্তরপাড়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন অভিনেতা কাঞ্চন। অন্যদিকে, মমতা সরকারের হয়ে নানান কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে ইমনকে। সরকারের হয়ে গানও গেয়েছেন তিনি। সে কারণে অনেকেই মনে করেছিলেন, এবার ভোটের প্রার্থী হবে ইমন। কিন্তু, সদ্য প্রকাশিত প্রার্থী তালিকায় নাম নেই তাঁর। এবার এই নিয়ে মুখ খুললেন গায়িকা ইমন চক্রবর্তী ও অভিনেতা কাঞ্চন মল্লিক।
ইমন স্পষ্ট করে জানান, আমি প্রথম দিন থেকে জানতাম, আমি রাজনীতির কোথাও নেই। আমি গানের দুনিয়ার মানুষ। গান নিয়ে বাঁচব। রাজনীতি আমার জন্য নয়।… আমি চাইলেই হয়তো রাজনীতির আঙিনায় আসার সুযোগ তৈরি হত। কিন্তু আমার মা-বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, আমায় গানের দুনিয়ায় দেখবে বলে। ওটাই আমার দুনিয়া। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে শ্রদ্ধা করি। দিদিও আমায় স্নেহ করেন। অবশ্যই আমি ওঁর ঘনিষ্ঠ। তার মানে এই নয় যে আমি সুযোগ নেব।
এদিকে, গতবার ভোটে জয়ের পর থেকে কঞ্চনের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠে। স্থানীয় নেতা, কাউন্সিলর ক্ষুব্ধ কাঞ্চনের ওপর। বিধানসভা এলাকায় তাঁকে দেখা যা না বলে অভিযোগ ওঠে। এবার তালিকায় নাম নেই অভিনেতার। তিনি এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জানান, তাঁকে আগেই বলা হয়েছিল। আভাস পেয়েছিলেন, তিনি আগে থেকেই। দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথাও হয়েছিল তাঁর। কাঞ্চন বলেন, পুরোপুরি এটা দলীয় সিদ্ধান্ত। তিনি বলেন, বিধায়ক হিসেবে না হলেও দলের কর্মী হিসেবে তিনি দিদির পাশে থাকবেন। প্রসঙ্গত, আগামী মে মাসে কাঞ্চনের পদের মেয়াদ শেষ হবে। এবার উত্তরপাড়ায় কাঞ্চনের জায়গায় টিকিট পেয়েছে সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।


