অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ৪৩ বছর বয়সে প্রয়াত হলেন। রবিবার তালসারিতে একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এই আকস্মিক ঘটনায় টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে, সহকর্মীরা স্তম্ভিত।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুর খবরে স্তম্ভিত টলিপাড়া। এই খবর বিশ্বাস করতে পারছেন না রাহুল ঘনিষ্ঠরা। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সহ অভিনেতা খরাজ মুখোপাধ্যায় জানালেন নিজের প্রতিক্রিয়া। অভিনেতা এশিয়ানেট নিউজ বাংলা-কে বলেন, ‘কী আর বলি বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না। এই তো সেদিন শ্যুট করলাম। কাজ শেষে জিজ্ঞাসা করল শট ঠিক ছিল কি না। ওঁর একটা পটকাস্ট আছে। আমাকে যেতে বলল একদিন। কী যে হল! ও তো শ্যুটিং করতে গিয়েছিল। তাহলে ওর আশে পাশে কেউ ছিল না? পরে সব ঘটনা নিশ্চই জানা যাবে।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রসঙ্গত, রবিবার একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছরের অভিনেতা। সেখানেই তলিয়ে গিয়ে মৃত্য়ু হয়। মনে করা হচ্ছে জলে ডুবে মৃত্য়ু হয়েছে তাঁর। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

সূত্রের খবর, তালসারিতে ভোলে বাবা পার করেগা নামের একটি ধারাবাহিকের শ্যুটিং-এ গিয়েছিলেন অভিনেতা। আর সেখানেই শ্যুটিং শেষে জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এই সিরিয়ালে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্যোপাধ্য়ায়। তিনি প্রথম এই খবর নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তালসারিতে শ্যুটিং-এ গিয়েছিলেন। ঘটনাটি প্য়াক আপের পরে হয়েছে। তবে ঠিক কী হয়েছিল সেই বিষয়ে তাঁর কাছে স্পষ্ট কোনও খবর নেই।

রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায় 'চির দিনই তুমি যে আমার' ছবিতে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরবর্তীকালে তাঁরা বিয়েও করেন। সহজ তাদের সন্তান।

রাহুল প্রায় দুই দশকেরও বেশি সময় টলিউডে কাজ করছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন। পাশাপাশি তাঁর একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। সম্প্রতি তিনি ওটিটি প্ল্যাটফর্মে ঠাকুমার ঝুলি নামে একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন।