Ajay Devgn Property Buldozer: বুলডোজার অ্যাকশন এবার খোদ বলিউডের তারকা অভিনেতা অজয় দেবগণের সম্পত্তিতে। মুম্বইয়ের জুহুতে অভিনেতা অজয় দেবগণ এবং তাঁর মা বীণা দেবগণের মালিকানাধীন একটি বিলাসবহুল বাংলোর একাংশ ভেঙে গুঁড়িয়ে দিল বৃহন্মুম্বই কর্পোরেশন (BMC)।
Ajay Devgn Property Buldozer: বুলডোজার অ্যাকশন এবার খোদ বলিউডের তারকা অভিনেতা অজয় দেবগণের সম্পত্তিতে। বলিপাড়ায় মুম্বই পুরনিগমের কড়া পদক্ষেপের জেরে চাঞ্চল্য। খাস মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতা অজয় দেবগণ এবং তাঁর মা বীণা দেবগণের মালিকানাধীন একটি বিলাসবহুল বাংলোর একাংশ ভেঙে গুঁড়িয়ে দিল বৃহন্মুম্বই কর্পোরেশন (BMC)। তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়। এরপরই আসরে নেমে অভিনেতার অফিস থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই সম্পত্তিটি অজয়ের ব্যক্তিগত বাসস্থান নয়, এটি একটি ভাড়াবাড়ি।
ঠিক কী ঘটেছিল?
মুম্বইয়ের অভিজাত জুহু এলাকার জেভিপিডি স্কিমের (JVPD Scheme) কাপুর কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে (Kapol Co-operative Housing Society) অবস্থিত প্রায় ৭,৮০২ বর্গফুটের ওই প্লট ও বাংলোটি। সূত্রের খবর, চলতি বছরের ১০ আগস্ট ওই সম্পত্তিটি পাঁচ বছরের একটি রেজিস্টার্ড লিজ চুক্তির মাধ্যমে ‘ফ্লোরিয়ান হুরে স্যালন প্রাইভেট লিমিটেড’ -কে ভাড়ায় দেওয়া হয়েছিল। যার মোট মূল্য প্রায় ১০.৬১ কোটি টাকা এবং প্রাথমিক মাসিক ভাড়া ধার্য হয়েছিল প্রায় ১৬ লক্ষ টাকা। এই প্রাঙ্গণটিকে একটি কমার্শিয়াল স্যালন ও স্পা হিসেবে রূপান্তর করার পরিকল্পনা ছিল।
তবে হাউজিং সোসাইটি লিজ বা ১০ancy-র ক্ষেত্রে নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) দিলেও, সোসাইটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে এই এনওসি-র মাধ্যমে সম্পত্তিটিতে কোনও ধরনের বড়সড় কাঠামোগত পরিবর্তন (Structural Alteration) বা বাণিজ্যিক রূপান্তরের অনুমতি দেওয়া হয়নি। আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যকলাপ শুরু হলে পার্কিং সমস্যা, নিরাপত্তা এবং অতিরিক্ত লোকসমাগম হতে পারে, এই আশঙ্কা জানিয়ে স্থানীয় বাসিন্দারাও আপত্তি তোলেন।
বিএমসি-র নোটিশ এবং আইনি লড়াই
এর পরেই গত ১০ সেপ্টেম্বর মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ১৮৮৮-এর ৩৫৪এ ধারা অনুযায়ী একটি 'স্টপ-ওয়ার্ক' নোটিশ জারি করে বিএমসি'র বিল্ডিং প্রপোজাল ডিপার্টমেন্ট। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ কাজ বন্ধ করে প্রয়োজনীয় আইনি অনুমতি ও কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বিএমসি আধিকারিকদের অভিযোগ ছিল, কোনও বৈধ অনুমতি ছাড়াই সেখানে দেওয়াল তোলা, সিপোরেক্স ব্লক (Siporex blocks) বসানো এবং অভ্যন্তরীণ বড়সড় পরিবর্তন করা হচ্ছিল।
মালিকপক্ষের তরফ থেকে ১৫ সেপ্টেম্বর এর জবাব দেওয়া হলেও, ৬ অক্টোবর কে/ওয়েস্ট ওয়ার্ড অফিসের এক বিশেষ আদেশে সেই জবাব খারিজ করে দেওয়া হয়। পুরনিগমের যুক্তি ছিল, নির্মাণকাজের বৈধতা প্রমাণ করার মতো উপযুক্ত কোনও নথিপত্র বা অনুমোদন তাঁরা দেখাতে পারেননি। অভিযোগ ওঠে, নোটিশকে তোয়াক্কা না করেই সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। এরপরই গত ১২ অক্টোবর পুরনিগমের কর্মীরা হাতুড়ি ও বুলডোজার নিয়ে ওই সম্পত্তিতে হানা দেন এবং অবৈধভাবে তৈরি সিপোরেক্স ব্লকের দেওয়াল ও অন্যান্য অভ্যন্তরীণ অংশ ভেঙে গুঁড়িয়ে দেন।
কী জানিয়েছে অজয় দেবগণের টিম?
সম্পত্তি ভাঙার খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার অজয় দেবগণের অফিস থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, "আমরা স্পষ্ট করে দিতে চাই যে আলোচ্য সম্পত্তিটি অভিনেতা অজয় দেবগণের ব্যক্তিগত বাসভবন নয়, এটি একটি আলাদা সম্পত্তি যা ভাড়ায় দেওয়া হয়েছে। আমরা আমাদের একটি সম্পত্তির জন্য বিএমসি-র কাছে সমস্ত প্রয়োজনীয় অনুমতির আবেদন জানিয়েছি এবং পুরনিগমের সমস্ত নিয়ম ও নির্দেশিকা যথাযথভাবে মেনে চলছি। বিএমসি যে সমস্ত পরিবর্তন বা সংশোধনের কথা বলেছিল, তা ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে।"
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা আবারও স্পষ্ট করে দিল যে শহরের যত্রতত্র বেআইনি নির্মাণ বা আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক পরিবর্তনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে বিএমসি। সেলিব্রিটি বা ভিআইপি তকমা সরিয়ে রেখে পুরনিগম তাদের আইনি পদক্ষেপ বজায় রেখেছে, যা নিয়ে এখন শহরজুড়ে শুরু হয়েছে জোর চর্চা।








