পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মুর্শিদাবাদের একটি বুথে ভোট দিলেন গায়ক অরিজিৎ সিং-এর বাবা সুরিন্দর সিং। তিনি জানিয়েছেন, বুথে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর পাঁচজন সাধারণ মানুষের মতোই ভোট দিতে মুর্শিদাবাদের একটি পোলিং বুথে হাজির হয়েছিলেন গায়ক অরিজিৎ সিং-এর বাবা সুরিন্দর সিং।
ভোট দেওয়ার পর সংবাদ সংস্থা এএনআই-কে সুরিন্দর সিং জানান, বুথে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। নির্বাচন জুড়ে এভাবেই সবটা চলুক, এমন আশাও প্রকাশ করেন তিনি। তিনি বলেন, "সবকিছু ঠিকঠাক আছে। আশা করি সব ভালোভাবেই হবে। কোনও সমস্যা নেই। ভোট শান্তিপূর্ণভাবেই চলছে। আমি আমার ভোট দিয়েছি।"
এক নজরে পশ্চিমবঙ্গ নির্বাচন
পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা আসনের জন্য লড়াই করছে বিভিন্ন রাজনৈতিক দল। ভারতের নির্বাচন কমিশন (ECI) জানিয়েছে, প্রথম দফায় ১৫২টি এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হবে। এই দফায় মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনা হবে ৪ মে।
টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার লক্ষ্যে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, গত নির্বাচনে ৭৭টি আসন পাওয়া বিজেপি এবার রাজ্যে সরকার গড়ার জন্য ঝাঁপিয়েছে। এদিকে, ভোট গ্রহণ শুরু হওয়ার পরের চার ঘণ্টায় অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের দফতরে ২৬০টি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ দুপুরে এই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। সি-ভিজিল অ্য়াপের মাধ্য়মেও অনেক অভিযোগ জমা পড়েছে। সেই সংখ্যা প্রায় ৩৭৫টি বলে দাবি করেছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ৬৩৫টি অভিযোগ জমা পড়েছে।
শান্তিপূর্ণ ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই কারণে একাধিক পদক্ষেপও করেছিল। কোথাও অশান্তি হলে দ্রুত কমিশনকে জানানোর জন্য নির্বাচন কমিসন সি-ভিজিল অ্য়াপ চালু করেছে। তারা জানিয়েছে নির্বাচনী আচরণবিধি ভাঙা হয়েছে। এমন ঘটনা ঘটলেই অ্য়াপের মাধ্য়মে অভিযোগ করা যাবে। তাতে দ্রুত কমিশন পদক্ষেপও করবে।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬২ শতাংশ। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। কমিশন সেইমত পদক্ষেপ করছে বলেও সূত্রের খবর।


