সলমন খান 'উইকেন্ড কা বার'-এ শার্ট খুলে ট্রোলারদের জবাব দিয়েছেন। আর তা দেখেই চটেছেন 'বিগ বস ৭'-এর প্রতিযোগী সোফিয়া হায়াত। এক্স হ্যান্ডেলে সলমনকে 'ভণ্ড' বলে তোপ দেগেছেন তিনি।
'বিগ বস ৭'-এর প্রাক্তন প্রতিযোগী সোফিয়া হায়াত সম্প্রতি সলমন খানের কড়া সমালোচনা করেছেন। 'উইকেন্ড কা বার'-এর শেষ এপিসোডে সলমনকে শার্ট খুলতে দেখা যায়। বয়স, চুল আর ওজন নিয়ে ক্রমাগত ট্রোলিংয়ের শিকার হচ্ছিলেন ভাইজান। এর জবাব দিতেই রেগে গিয়ে নিজের টুপি আর শার্ট খুলে ফেলেন তিনি।
শার্ট খোলা নিয়ে সলমনকে 'ভণ্ড' বললেন সোফিয়া
সোশ্যাল মিডিয়ায় অনেকেই সলমনের এই কাজের প্রশংসা করেছেন। কিন্তু সোফিয়ার মতটা একেবারেই আলাদা। শো চলাকালীন সলমন তাঁর চেহারা নিয়ে যে মন্তব্য করেছিলেন, সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি।
রবিবার, ২০ সেপ্টেম্বর, এক্স (আগে টুইটার) হ্যান্ডেলে সলমনের শার্ট খোলার ভিডিও শেয়ার করেন সোফিয়া। তিনি লেখেন, "সলমন একটা ভণ্ড আর বোকা। আমি যখন বিগ বস-এ ছিলাম, ও আমার শরীর আর মুখ নিয়ে সমালোচনা করেছিল.. আর গওহর (খান)-কে বলেছিল ওর ফিগার ভালো। উফফ।"
এদিকে ক্যাটরিনা কাইফের বডি-শেমিং নিয়েও মুখ খোলেন সলমন। মা হওয়ার পর মহিলাদের চেহারা নিয়ে যে ধরনের কটাক্ষ বা পাপারাৎজিদের বাড়াবাড়ি দেখা যায়, তার কড়া সমালোচনা করেন তিনি। সম্প্রতি আম্বানিদের গণপতি উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। সেখানে তাঁর পোস্ট-প্রেগন্যান্সি লুক নিয়ে বিস্তর ট্রোলিং হয়। সলমন প্রশ্ন তোলেন, মহিলারা মা হওয়ার পর কেন তাঁদের এভাবে হেনস্থা করা হয়? তিনি জিজ্ঞেস করেন, "কেউ প্রেগন্যান্ট হলে আপনারা তাকে ট্রোল করেন কেন?"
সলমন আরও বলেন, গর্ভাবস্থায় মহিলাদের ওজন বাড়াটাই স্বাভাবিক। এই সময়টা তাঁদের চেহারার বিচার না করে, পরিবারের সঙ্গে শান্তিতে কাটাতে দেওয়া উচিত। তাঁর কথায়, "প্রেগন্যান্ট হওয়ার পর সবারই ওজন বাড়ে। যখন তাঁরা আবার সিনেমায় ফিরবেন, তখন ঠিক ফিট হয়ে যাবেন।"
